বিশেষ সংবাদদাতা ।।
করোনাভাইরাসের এই সংকটকালে অসহায়দের সহযোগিতায় এগিয়ে এসেছেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ। সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সামর্থ্যের সবটুকু সাহায্য-সহযোগিতা নিয়ে ছুটে চলেছেন নিম্নআয়ের এবং অসহায়দের দ্বারে দ্বারে।
কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের স্বল্প আয়ের কয়েকজন বন্ধু মিলে তেমনি এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ হাতে নিয়েছেন। তারা পেশায় কেউ টমটম চালক, কেউ কেউ ক্ষুদ্র ব্যবসায়ী। তারা হলেন চার বন্ধু আলম মিয়া, সোহেল মিয়া, সেলিম মিয়া ও হাবিব মিয়া।
বিবেকের দায়বদ্ধতা থেকে সোমবার (৬ এপ্রিল) করগাঁওয়ের ৪০টি অসহায় ও অতিদরিদ্র পরিবারকে খাদ্যসামগ্রী পৌছে দেন। তাদের দেওয়া সহায়তা প্যাকেটে ছিলো চাল, ডাল, আলু ও সাবান।
বিতরণ শেষে বন্ধুরা জানান, “আমরাও খেটে খাওয়া মানুষ। আমাদের চেয়েও বেশি সমস্যায় যারা রয়েছেন তাদের জন্য কিছু করার তাগিদ থেকেই এ উদ্যোগ। নিজেদের সামর্থ্য যা কুলিয়েছে তা থেকেই চেষ্টা করেছি।”
সমাজের বিত্তবানদের উদ্দেশে তারা আরো বলেন, সামর্থ্যবান সবাই এগিয়ে এলে কেউই না খেয়ে মরবে না। আসুন, সবাই মিলেমিশে বাঁচি। একে অপরের সাহায্য-সহযোগিতায় সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়ে দেই।


