নিকলীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাব হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডা. সোহাগ, সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক হিমেল, সাংবাদিক আব্দুর রহমান রিপন, জয়দেব ঠাকুর, আবদুল্লাহ আল মহসিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি বলেন, পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন এবং এটি বাঙালির ঐক্য, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক চেতনার অন্যতম প্রতীক। পুরনো বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন আশা ও উদ্দীপনায় নতুন বছরকে বরণ করার মধ্য দিয়েই এ উৎসবের তাৎপর্য ফুটে ওঠে।

তিনি আরও জানান, আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে নিকলী উপজেলায় বর্ণিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

Similar Posts

error: Content is protected !!