আমাদের নিকলী ডেস্ক ।।
বিশ্বের সর্ববৃহৎ ইনসুলিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান নভো নরডিস্ক বাংলাদেশে ইনসুলিন উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তর করতে যাচ্ছে।
এ লক্ষ্যে বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নভো নরডিস্ক এবং এসকেএফ’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। বাসস
নভো নরডিস্কের ব্যবস্থাপনা পরিচালক আনান্দ শেঠী এবং এসকেএফ’র ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, গত বছর থেকে থেকে ইনসুলিন উৎপাদনের আধুনিক প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হলেও বেশ ক’টি ধাপ পেরিয়ে এটি চূড়ান্ত করা হয়েছে।
এ উদ্যোগের শুরুতে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রণালয়, এশিয়া হাউস, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এবং নভো নরডিস্কের প্রধান কার্যালয় ও ইনসুলিন উৎপাদনকারী বিশ্বের সর্ববৃহৎ কারখানা পরিদর্শন করেন।
এ চুক্তির ফলে বাংলাদেশে এখন ডেনমার্কের অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত হবে উচ্চ গুনাগুণ সম্পন্ন ইনসুলিন।

