নিকলীতে বীরবিক্রম মতিউর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ||

“বীরেরা মৃত্যুবরণ করেন, কিন্তু তাঁদের বীরত্ব কখনো মৃত্যুবরণ করে না”—এই চেতনাকে ধারণ করে কিশোরগঞ্জের নিকলীতে বীর মুক্তিযোদ্ধা ও বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মতিউর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর নিকলী উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ৬ অক্টোবর ছিল তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী।

বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর হাজী মাসুক মিয়া, জেলা জজ আদালতের এপিপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কফিলউদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপক কুমার বিশ্বাস এবং নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিউদ্দিন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন বীরবিক্রম মতিউর রহমানের ছেলে মুশফেকুর রহমান জোসেফ।

সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন স্বাধীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহম্মেদ, জারইতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঈসাক রানা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, মরহুম বীরবিক্রম মতিউর রহমান ছিলেন একজন আদর্শবান মানুষ এবং নিকলী উপজেলা বিএনপির আজীবন সভাপতি। তাঁর মানবিক গুণাবলি ও আদর্শের কথা অনেকেই তুলে ধরেছেন। তিনি ছিলেন এলাকার মানুষের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য ব্যক্তিত্ব।

তিনি আরও বলেন, বীরবিক্রম মতিউর রহমানের স্মৃতি সংরক্ষণে কিছু দাবি রয়েছে। এসব বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় আলোচনা করা হবে এবং আইনগত পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া এলাকার রাস্তা ও সেতু-সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে।

বক্তব্যের শেষাংশে সংসদ সদস্য মরহুম বীরবিক্রম মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের শান্তি ও কল্যাণ কামনা করেন।

আলোচনা সভা শেষে পুকুরপাড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এ জেড এম সাহাব উদ্দিন দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।