দামপাড়ায় মাদকসহ ৩ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ||

কিশোরগঞ্জের নিকলীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ তিন যুবককে আটক করেছে নিকলী থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দামপাড়া ইউনিয়নের দক্ষিণ দামপাড়া ও নিকলী সদর ইউনিয়নের খালিশার হাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ দামপাড়া এলাকা থেকে জয়নার মিয়ার ছেলে মো. রবিন (১৯) ও বকুল মিয়ার ছেলে অনিক (১৮) এবং নিকলী সদর ইউনিয়নের খালিশার হাটি এলাকা থেকে ফরজ আলী মিয়ার ছেলে মো. সাব্বির (২০)-কে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।

পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে মুঠোফোনে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিকলী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।”