মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এবং ‘শান্তিতে বিনিয়োগ করুন—সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি, সম্প্রীতি, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে কর্মসূচি পালন করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের সামনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও নারী শান্তি সহায়ক প্লাটফর্মের (ওয়েব) নিকলী উপজেলা শাখার আয়োজনে এ র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পিএফজির পিস অ্যাম্বাসেডর ও নিকলী উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক আজমল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জসিম উদ্দিন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিকলী উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, দৈনিক আমার দেশ পত্রিকার নিকলী প্রতিনিধি হিমেল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৮১ সালের প্রস্তাবের ধারাবাহিকতায় আন্তর্জাতিক শান্তি দিবস বিশ্বব্যাপী যুদ্ধবিরতি, অহিংসা ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে পালিত হয়ে আসছে। শান্তি কেবল সংঘাতের অনুপস্থিতি নয়; বরং এটি ন্যায়বিচার, আইনের শাসন, অর্থনৈতিক সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
তারা আরও বলেন, একদিকে নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রত্যাশা, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক মেরুকরণ—এই দ্বৈত বাস্তবতায় শান্তি প্রতিষ্ঠা ক্রমেই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, সংলাপ এবং সামাজিক দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।
বক্তারা সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি ও সকলের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি পিএফজির পিস অ্যাম্বাসেডর সাইফুল ইসলাম উপস্থিত অতিথি, আয়োজক ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




