নিকলীতে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা সভা 

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নিকলী কেন্দ্রীয় হরিসভার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুজা উদযাপন কমিটির জেলা সভাপতি ও নিকলী কেন্দ্রীয় হরিসভার সভাপতি এবং উপজেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক তাপস সাহা অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  কিশোরগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন (মিঠু)।

নিকলী থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম (নৌশাধ), উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব রনি আহম্মেদ, বিলু মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিকলী কেন্দ্রীয় হরিসভার সাধারণ সম্পাদক স্বপন সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা ও হিন্দু সম্প্রদায়ের ধর্ম প্রচারক ও শ্রোতারা। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় হরিসভার সভাপতি বাবু তাপস সাহা অপু।

প্রধান অতিথি সংসদ সদস্য মাজাহারুল ইসলাম ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কঠোর নির্দেশ দিয়েছেন যে কোনো অবস্থায় শারদীয় দূর্গা পুজাসহ হিন্দু সম্প্রদায়ের যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনোরকম সহিংসতা না ঘটে সেই মোতাবেক আপনারা কাজ করবেন। আর তাই সারা দেশে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা সংগঠিত হয়নি। আপনাদের কোনোরকম সমস্যা হলে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রশাসনকে অবহিত করবেন। আমি আশা করি সম্প্রীতি বজাই থাকবে।

বিশেষ অতিথি বদরুল মোমেন মিঠু হরিনাম সংকীর্তনের শুভেচ্ছা জানিয়ে বলেন, আশা করি ধর্মীয় উৎসবের কোনো সমস্যা হবে না। কারণ বিএনপি সরকার যা বলে তাই বাস্তবায়ন করে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজাই থাকবে বলেই আমি আশা করি।