নিকলীতে অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার রাখায় তিন হোটেলকে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

নিকলী উপজেলায় সোমবার (৪ মার্চ ২০১৯) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এক অভিযানে হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাবার রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মোছাম্মৎ শাহীনা আক্তার সোমবার ৩টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি নিকলী উপজেলা সদর হাসপাতাল মোড়ের তৈয়ব আলীর খাবার হোটেলকে দুই হাজার, পুরান বাজারের কাজল সাহার রেস্টুরেন্টকে দুই হাজার, আপগেইট রেস্টুরেন্টকে চার হাজার টাকা জরিমানা করেন।

একই সাথে মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর এবং ভেজাল মিষ্টি রাস্তায় ফেলে দেয়া হয়। ভোক্তা আইনে মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর এবং ভেজাল মিষ্টি রাখা, খাবার ঢেকে না রাখা, রান্নাঘরের নোংরা পরিবেশ, পামওয়েল ব্যবহারসহ নানা কারণে ৮ হাজার হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী হাকিম মোছাম্মৎ শাহীনা আক্তার বলেন, খাবারের মান নিয়ন্ত্রণ রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবো। হোটেলগুলোকে এক সপ্তাহ সময় দেয়া হয়েছে। এর মধ্যে পরিস্থিতি পরিবর্তন না হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : ওয়াননিউজ২৪

Similar Posts

error: Content is protected !!