নিকলীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, পালিয়েছে অপরজন

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে পুলিশের বিশেষ অভিযানে ৬ পিস ইয়াবাসহ সাকিল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন (৪০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি দল নিকলী টিএন্ডটি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহম্মেদের দিকনির্দেশনায় এসআই কৌশিক মল্লিকের নেতৃত্বে অভিযানে এসআই তুষায়, এসআই সাগর বিশ্বাস, এএসআই মনির হোসেন ও আবুল বাশার অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাকিল নিকলী উপজেলার পুকুরপাড় গ্রামের সাহেদ আলীর ছেলে। অপরদিকে পলাতক রিপন আতকা গ্রামের মৃত রহমত আলীর ছেলে বলে জানা গেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার সাকিলকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। যত বাধাই আসুক, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।”

এদিকে পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকলে এলাকায় অপরাধপ্রবণতা কমবে এবং জনমনে স্বস্তি ফিরে আসবে। তারা মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান ও আইনানুগ পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।