জাতীয় অ্যাথলেটিক্সে নতুন রেকর্ড গড়লেন ঝিনুক প্রিয়া

নিজস্ব প্রতিনিধি ।।

১৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট ঝিনুক আক্তার প্রিয়া। প্রতিযোগিতায় দুটি জাতীয় রেকর্ড গড়ার পাশাপাশি তিনটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। এছাড়া প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন এই অ্যাথলেট।

প্রতিযোগিতায় ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক অর্জন করেন ঝিনুক আক্তার প্রিয়া। ১ হাজার ৫০০ মিটার দৌড়ে ১৯৯৬ সালের জাতীয় রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন তিনি। এর মধ্য দিয়ে ৩০ বছর ধরে অক্ষত থাকা এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেন প্রিয়া।

এছাড়া ৩ হাজার মিটার দৌড়েও রেকর্ড গড়ে স্বর্ণপদক অর্জন করেন তিনি। অন্যদিকে, ৫ হাজার মিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করে রৌপ্যপদক জিতে নেন এই অ্যাথলেট।

সব মিলিয়ে ১৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চার ইভেন্টে অংশ নিয়ে চারটি পদক অর্জনের পাশাপাশি দুটি জাতীয় রেকর্ড গড়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ঝিনুক আক্তার প্রিয়া। দেশের অ্যাথলেটিকস অঙ্গনে তাঁর এই সাফল্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন রেকর্ড গড়া এবং পদ অর্জনে নিকলী উপজেলার প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম”র পক্ষ থেকে ঝিনুক আক্তার প্রিয়াকে অনেক অনেক অভিনন্দন ও দোয়া।