উলিপুরে প্রাথমিক সমাপনী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আনন্দ আয়োজন

উত্তরাঞ্চল প্রতিনিধি ।।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোড়াই মিয়াজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক স্তর অতিক্রম করে মাধ্যমিক স্তরে পদার্পণ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সকালে শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি, বর্ণিল সাজসজ্জা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ আনন্দমুখর হয়ে ওঠে। বিদ্যালয়ে মোট ১৮১ জন শিক্ষার্থী তালিকাভুক্ত থাকলেও অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়।

অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভাত, মুরগির মাংস, ডিম ও ডালের ব্যবস্থা করা হয়। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এর পাশাপাশি গরুর মাংস, মাছ ভাজা ও রসগোল্লার বিশেষ আয়োজন রাখা হয়।

গত তিন বছর ধরে বিদ্যালয়ের বিভিন্ন আয়োজনে ‘অঙ্গীকার বাংলাদেশ’-এর প্রেসিডেন্ট মো. আতিক খানের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও এসব আয়োজন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দি হাঙার প্রজেক্টের প্রোগ্রাম ম্যানেজারও বিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে নিয়মিত উৎসাহ ও সহযোগিতা দিয়ে আসছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

গোড়াই মিয়াজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরে মুন্তাহা শিমু আগামী বছরের শুরুতে নিজের, পরিবার ও বন্ধুদের অর্থায়নে উলিপুর উপজেলার ১০টি বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স সরবরাহ এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য ‘প্রয়োজন বক্স’ নামে শিক্ষা উপকরণ সহায়তা কার্যক্রম চালুর পরিকল্পনা গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে চরাঞ্চল, দুর্গম ও তুলনামূলকভাবে দরিদ্র এলাকার বিদ্যালয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ‘অঙ্গীকার বাংলাদেশ’ পবিত্র রমজানের পর থেকে এ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দিয়েছে। স্থানীয় বিদ্যালয়গুলোর সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর সংযোগ স্থাপন করা সম্ভব হলে উলিপুর উপজেলায় শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে আরও কিছু উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া শিক্ষার্থীদের নিয়ে হারিয়ে যেতে বসা ছড়া সংগ্রহ এবং সেগুলোকে কেন্দ্র করে সৃজনশীল আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এ উদ্যোগে একজন শুভাকাঙ্ক্ষী সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম, সুপারিনটেনডেন্ট (ভারপ্রাপ্ত), পিটিআই কুড়িগ্রাম এবং ইনস্ট্রাক্টর মো. আব্দুল্লাহ আল মোত্তালেব শাওন। এ ছাড়া কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরী উপজেলার দুজন সহকারী শিক্ষকও অনুষ্ঠানে অংশ নেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমে অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ অতিথি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।