আমাদের নিকলী ডেস্ক ।।
প্রায় অর্ধশতাব্দী ধরে বিবর্তন নিয়ে একটি চমকপ্রদ ধারণা বিজ্ঞানীদের মধ্যে তর্ক জিইয়ে রেখেছে: জীব কি তার সবচেয়ে জরুরি জিনগুলোকে বাঁচাতে সেগুলোর মিউটেশন বা রূপান্তরের হার কমিয়ে রাখে? ১৯৭২ সালে প্রথম এ অনুমান সামনে আসে, যা বিবর্তনের প্রচলিত ধারণাকেই নাড়া দেয়। কিন্তু ইউনিভার্সিটি অব বাথ-এর নতুন গবেষণা বলছে, এ ধারণার পক্ষে দেওয়া আগের প্রমাণগুলো আসলে বিভ্রান্তিকর।
‘প্লস বায়োলজি’ জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বাথ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইভোলিউশনের ড. সোফিয়া রাদ্রিজানি ও অধ্যাপক লরেন্স ডি হার্স্ট এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিসরে স্বতঃস্ফূর্ত জেনেটিক মিউটেশনের তথ্য বিশ্লেষণ করেছেন। তাঁরা ব্যাকটেরিয়া “ই. কোলাই” ও এককোষী ছত্রাক বেকার্স ইস্ট নিয়ে কাজ করেন।
প্রচলিত ধারা বনাম সুরক্ষা তত্ত্ব
বিবর্তনের প্রচলিত ব্যাখ্যায় মিউটেশনের মাধ্যমে বৈচিত্র্য তৈরি হয়, আর প্রাকৃতিক নির্বাচন টিকে থাকার উপযোগী বৈশিষ্ট্য বেছে নেয়। ডারউইনের গালাপাগোস ফিঞ্চের ঠোঁটের গড়ন বদল এর চেনা উদাহরণ। বিপরীতে বিকল্প তত্ত্বটি বলে, জীব তার অপরিহার্য জিনে মিউটেশন কমায় এবং অভিযোজনের সহায়ক জিনে মিউটেশন বাড়ায়। গবেষকদের মতে, প্রতিটি জিনে মিউটেশন এমনিতেই কম ঘটে; তাই হার আরও সামান্য কমালে প্রাকৃতিক নির্বাচনের তেমন বাড়তি লাভ হয় না।
“ভুতুড়ে মিউটেশন” ও আসল পরীক্ষা
আগের অনেক গবেষণায় জরুরি জিনে কম মিউটেশন দেখা যাওয়ার কারণ ছিল ক্ষতিকর পরিবর্তন দ্রুত মুছে যাওয়া। অধ্যাপক হার্স্ট একে বলেছেন ‘ভুতুড়ে মিউটেশন’—অর্থাৎ বিশ্লেষণের আগেই প্রাকৃতিক নির্বাচন সেগুলো সরিয়ে দেওয়ায় জিনগুলোকে সুরক্ষিত মনে হয়।
প্রাকৃতিক নির্বাচনের প্রভাব কমিয়ে ‘মিউটেশন অ্যাকুমুলেশন স্টাডি’ থেকে পাওয়া তথ্য যাচাই করে বাথের দলটি দেখে, জীবের টিকে থাকার জন্য অপরিহার্য জিন কিংবা বেশি প্রোটিন তৈরি করা জিনে মিউটেশনের হার কম নয়। ড. রাদ্রিজানির ভাষায়, গুরুত্বপূর্ণ জিনে কম মিউটেশনের দাবি আসলে সারবত্তাহীন বাড়াবাড়ি ছাড়া কিছু নয়।
আসল নিয়ামক কী?
গবেষণায় দেখা গেছে, জিনোমের গঠন ও ডিএনএ প্রতিলিপি তৈরির প্রক্রিয়াই মিউটেশনের হারে তারতম্য ঘটায়। যেমন—ডিএনএ কপি হওয়ার সময় যেসব জিন পরে প্রতিলিপিকৃত হয়, সেগুলোতে মিউটেশন বেশি জমতে দেখা যায়। অধ্যাপক হার্স্টের মতে, এ ফলাফলে বিবর্তনের মৌলিক ধারণায় বড় কোনো বদল আনার মতো ভিত্তি নেই; বরং এটি প্রচলিত ধারণাকেই নতুনভাবে সমর্থন দেয় যে মিউটেশন ও প্রাকৃতিক নির্বাচন আলাদা প্রক্রিয়ায় কাজ করে।
তথ্যসূত্র: সায়েন্স ডেইলি








