নেকড়ে কেন ডাকে? আসল কারণ জানলে চমকে যাবেন

আমাদের নিকলী ডেস্ক ।।

ঘেউ ঘেউ করা, গোঙানো, চিকচিক শব্দ করা কিংবা গর্জন—নেকড়েরা নানা রকম আওয়াজ তুলতে পারে। কিন্তু বনের নিস্তব্ধতা ভেঙে তাদের যে দীর্ঘ, করুণ আর রহস্যময় ডাক ভেসে আসে, সেটাই মানুষকে সবচেয়ে বেশি টানে। অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়া এই ডাক শুনে আশপাশে থাকা অন্য নেকড়েরাও গলা মেলায়। প্রশ্ন হলো, নেকড়েরা আসলে কেন এভাবে ডাকে?

অনেকের ধারণা, চাঁদ দেখেই বুঝি নেকড়েরা ডাকে। কিন্তু জীববিজ্ঞানীদের মতে, এটি নিছকই একটি প্রচলিত ভ্রান্ত ধারণা। আসল কারণ হলো নিজেদের জটিল সামাজিক যোগাযোগ ও দলীয় সম্পর্ক ঠিক রাখা।

একা ডাকলে যা বোঝায়

নেকড়েরা একা যেমন ডাকে, তেমনি দল বেঁধেও ডাকে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞানী অ্যারিক কার্শেনবাউম জানান, কোনো নেকড়ে একা ডাকলে তার বড় কারণ হতে পারে দল থেকে আলাদা হয়ে যাওয়া। শিকারে বেরিয়ে, শাবকের দেখাশোনা করতে গিয়ে কিংবা অন্য কোনো দলের হুমকির মুখে দলের সদস্যরা ছড়িয়ে-ছিটিয়ে পড়লে আবার এক হওয়ার জন্য তারা ডাক দেয়।

আবার যেসব নেকড়ে নিজের দল ছেড়ে বেরিয়ে যায়, তারাও একা ডাকতে পারে। কার্শেনবাউমের ভাষায়, নতুন কোনো দল বা সঙ্গী খুঁজে পাওয়ার আশায় তারা এমন ডাক দেয়।

এলাকা দখল আর দলকে একসূত্রে গাঁথা

একটি নেকড়ের দল যখন একসঙ্গে ডাকে, তখন অনেক সময় সেটি নিজেদের এলাকা জানান দেওয়ার বার্তা হয়ে ওঠে। হাঙ্গেরির বুদাপেস্টের ইয়োতভোস লোরান্দ বিশ্ববিদ্যালয়ের আচরণ ও শব্দবিজ্ঞানী তামাস ফারাগো জানান, তথ্য-উপাত্ত বলছে—নিজেদের এলাকার মাঝামাঝি থাকলে, পাশে শাবক থাকলে কিংবা শিকারের বড় কোনো প্রাণী হাতে পেলে নেকড়েরা বেশি ডাকে। এতে প্রতিবেশী দলগুলো দূরে থাকতে বাধ্য হয়।

তবে কার্শেনবাউমের মতে, দলবদ্ধ ডাকের বড় অংশই আসলে সামাজিক বন্ধন দৃঢ় করার জন্য। আশপাশে নিজের দলের সদস্যদের উপস্থিতি টের পেলে নেকড়েরা নিরাপদ ও স্বস্তিবোধ করে। ফারাগো যোগ করেন, এই সম্মিলিত ডাক পুরো দলকে একই মানসিক অবস্থায় নিয়ে আসে—যা শিকারে যাওয়ার আগে বেশ চোখে পড়ে।

ডাকের প্রতিধ্বনি ও অনুপ্রবেশকারীর নীরবতা

এক নেকড়ের ডাক অন্য নেকড়েকেও ডাকতে প্ররোচিত করে। ফারাগো বলেন, ডাক শুনলে নেকড়েরা সাধারণত পাল্টা সাড়া দেয়। তবে কোনো একাকী নেকড়ে যদি ভুল করে অন্য দলের এলাকায় ঢুকে পড়ে এবং সেখানকার দলকে ডাকতে শোনে, তবে সে চুপ থাকে। সাড়া দিলে যে সে অচেনা অনুপ্রবেশকারী, তা সহজেই ফাঁস হয়ে যাবে!

খোলা জায়গায় নেকড়ের ডাক প্রায় ১৬ কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে জানায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উলফ কনজারভেশন সেন্টার। এই ডাকে নিচু ও উঁচু—উভয় কম্পাঙ্কের শব্দ থাকে। ফারাগোর মতে, গাছপালা বা ঝোপঝাড়ে নিচু কম্পাঙ্কের শব্দ কিছুটা চাপা পড়লেও উঁচু কম্পাঙ্কের শব্দ ঠিকই টিকে থাকে এবং ডাক দেওয়া নেকড়ে সম্পর্কে অনেক তথ্য বহন করে।

প্রজাতিভেদে সুরের ভিন্নতা আর কুকুরের গল্প

বিভিন্ন প্রজাতি ও উপপ্রজাতির নেকড়ের ডাকের ধরনেও তফাত আছে। ২০১৬ সালে কার্শেনবাউম ও তার সহকর্মীরা নেকড়ে, শেয়াল, কোয়োটি ও কুকুরের ১৩টি প্রজাতি ও উপপ্রজাতির ওপর গবেষণা চালান। তাতে দেখা যায়, প্রতিটি গোষ্ঠীর ডাকের নিজস্ব ‘উপভাষা’ বা ধরন রয়েছে। যেমন—টিম্বার উলফের ডাকে নিচু ও সমতল সুর বেশি থাকে, আর রেড উলফের ডাকে উঁচু ও ওঠানামা করা সুর বেশি দেখা যায়।

ধূসর নেকড়ে থেকেই কুকুরের উদ্ভব। তবে কুকুরের ডাক নেকড়ের মতো হবে কি না, তা নির্ভর করে জাতের ওপর। ২০২৩ সালে কার্শেনবাউম, ফারাগো ও তাঁদের সহকর্মীদের এক গবেষণায় দেখা যায়, যেসব কুকুরের জাত প্রাচীন এবং নেকড়ের বেশি কাছাকাছি, তারা বেশি ডাকে। অন্যদিকে আধুনিক জাতের কুকুরেরা ঘেউ ঘেউ করে বেশি।

আবেগের ভাষা ও চাঁদের মিথ

কোন উদ্দেশ্যে ডাকলে নেকড়ের সুর কেমন বদলায়, তা জানতে গবেষকেরা আগ্রহী। কিন্তু বড় সমস্যা হলো, নেকড়েরা যখন ডাকে, তখন বেশির ভাগ সময়ই তারা অনেক দূরে থাকে অথবা রাত হয়ে যায়—ফলে তারা কী করছে, তা দেখা যায় না। তবু গবেষকদের ধারণা, ভিন্ন আবেগে ডাকের সুরও বদলায়। যেমন—এলাকার দখল নিয়ে ঝুঁকিতে পড়লে ডাকের ওঠানামা শান্ত অবস্থার চেয়ে আলাদা হতে পারে। বিষয়টি নিয়ে এখনো গবেষণা চলছে।

আর চাঁদ দেখে নেকড়ের ডাকার গল্পটি পুরোপুরি কল্পকাহিনি। কার্শেনবাউমের কথায়, এর সঙ্গে চাঁদের কোনো সম্পর্কই নেই। বৈদ্যুতিক আলো আসার আগে পূর্ণিমা বা উজ্জ্বল চাঁদের রাতে মানুষ বাইরে বেশি থাকত—তখনই হয়তো নেকড়ের ডাক তাদের কানে বেশি যেত, আর সেখান থেকেই এই ধারণার জন্ম।

তথ্যসূত্র: লাইভ সায়েন্স