আমাদের নিকলী ডেস্ক ।।
‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। গত ছয় বছরে দুটি প্রিক্যুয়েল উপন্যাস প্রকাশের পর ২০ নভেম্বর পর্দায় এসেছে সিরিজের নতুন সিনেমা। লেখক সুজান কলিন্স প্যানেমের জগত নিয়ে যতই নতুন তথ্য তুলে ধরছেন, ততই স্পষ্ট হচ্ছে প্রাচীন গ্রিস ও রোমের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে এর গভীর যোগসূত্র।
সুজান কলিন্স বহুবার এই বইয়ের জন্মকথা বলেছেন। টিভি চ্যানেল বদলাতে বদলাতে রিয়েলিটি শো আর সত্যিকারের যুদ্ধের ফুটেজ একসঙ্গে চোখের সামনে ভেসে ওঠার অভিজ্ঞতা থেকেই তাঁর কল্পনায় এই গল্পের বীজ বোনা হয়। ন্যায্য যুদ্ধের তত্ত্ব, রিয়েলিটি শো আর জীবন-মৃত্যুর লড়াই মিলিয়ে তিনি লিখতে শুরু করেন। পুরো গল্পের কাঠামো আর গেমসের ধাঁচ সাজাতে তিনি ধার নিয়েছেন থিসিউস ও মিনোটরের গ্রিক পুরাণ এবং রোমান গ্ল্যাডিয়েটরদের রক্তক্ষয়ী লড়াইয়ের ইতিহাস থেকে।
গ্রিক ও রোমান মৃত্যুর খেলার সঙ্গে ‘দ্য হাঙ্গার গেমস’-এর সাদৃশ্য বুঝতে ধ্রুপদী সাহিত্যের পণ্ডিত হওয়ার দরকার নেই। তবে ভেতরের যোগসূত্রগুলো কতটা গভীরে প্রোথিত, তা জানলে চমকে উঠতে হয়। ক্যাপিটলের বড় বড় চরিত্রের নাম থেকে শুরু করে প্যানেমের মানুষের মুখের বুলি—সবখানেই ছড়িয়ে আছে গ্রিক ও রোমান ইতিহাসের ছাপ। এসবের মধ্য দিয়ে প্রাচীন সভ্যতার অন্ধকার দিকগুলোই ফুটে উঠেছে, যা স্বৈরাচারী শাসকেরা কীভাবে নিজেদের স্বার্থে কাজে লাগায়, তারই এক নির্মম প্রতিচ্ছবি।
প্যানেম (Panem)
‘দ্য হাঙ্গার গেমস’-এ রোমান সংস্কৃতির সবচেয়ে পরিচিত ছাপ পড়েছে এর দেশের নামেই। প্যানেম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, যার অর্থ ‘রুটি’। কলিন্স নিজেই স্বীকার করেছেন, ‘দ্য হাঙ্গার গেমস’-এ রুটি প্রসঙ্গটি বারবার ঘুরেফিরে আসে। পিটা একজন রুটিওয়ালা, আর তার দেওয়া রুটিই ক্যাটনিসকে বাঁচিয়ে রেখেছিল বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেওয়ার সময় পর্যন্ত। এরেনা বা যুদ্ধক্ষেত্রের ভেতরে-বাইরে—সবখানেই ক্যাপিটল ক্ষুধাকে হাতিয়ার বানিয়েছে। ডিস্ট্রিক্টগুলোর মানুষকে অভুক্ত রেখেছে, যাতে পাল্টা লড়াই করার মতো শক্তিটুকুও তাদের না থাকে।
তবে কেবল রুটি দেওয়া বা কেড়ে নেওয়ার মধ্যেই এর অর্থ সীমাবদ্ধ নয়। ‘মকিংজে’ উপন্যাসে প্লুটার্ক ‘প্যানেম এট সার্সেন্সেস’ বা ‘রুটি ও সার্কাস’-এর প্রসঙ্গ টানেন। রোমান লেখক জুভেনাল তাঁর ‘স্যাটায়ার্স’ কাব্যে এই বাক্যবন্ধ প্রথম ব্যবহার করেছিলেন।
প্রাচীন রোমের সেই একই মানসিকতা দেখা যায় প্যানেমে, বিশেষ করে ক্যাপিটলে। সেখানকার বিত্তবানদের খাবার এতই অফুরন্ত যে আরও খাওয়ার লোভে তারা বমি করে পেট খালি করে। শিশুদের মৃত্যুর বিনিময়ে আর ভিক্টরদের উদযাপনের মধ্য দিয়ে তারা বিনোদন কুড়ায়। জুভেনালের সেই কথাই যেন সত্যি হয়ে ওঠে—‘যাদের মারার ইচ্ছা নেই, তারাও মারার ক্ষমতা উপভোগ করে।’ কিন্তু শেষ পর্যন্ত রুটি আর সার্কাসের নেশায় বুঁদ হয়ে থাকা জনতাও ফুঁসে ওঠে, যখন তাদের খাবার আর আমোদ-প্রমোদ কেড়ে নেওয়া হয়।
প্লুটার্ক (Plutarch)
প্লুটার্ক হেভেন্সবি চরিত্রটি সরাসরি অনুপ্রাণিত হয়েছেন ঐতিহাসিক লেখক প্লুটার্কের জীবন ও কর্ম থেকে। তিনি ছিলেন এক গ্রিক অভিজাত, যিনি পরবর্তীতে রোমান নাগরিকত্ব পান এবং ধ্রুপদী ইতিহাসের অন্যতম প্রধান উৎস হয়ে ওঠেন। ‘প্যারালাল লাইভস’ সিরিজের আওতায় গ্রিক ও রোমান বিশিষ্টজনদের প্রায় পঞ্চাশটি জীবনীসহ তাঁর শত শত রচনা রয়েছে। তাঁর লেখায় অনেক গুজব থাকত এবং সব সময় নির্ভুল ইতিহাস নাও মিলতে পারে, তবু প্রথম শতাব্দীর রোমানদের মানসিকতা বুঝতে এবং হাজার বছর ধরে এসব চরিত্র নিয়ে মানুষের ধারণা গঠনে তাঁর লেখা ছিল অত্যন্ত প্রভাবশালী।
‘দ্য হাঙ্গার গেমস’ লেখার সময় সুজান কলিন্সের এসব ভালোভাবেই জানা ছিল, কারণ ছোটবেলায় তাঁর বাবা তাঁকে প্লুটার্কের জীবনী পড়ে শোনাতেন। কলিন্স জানিয়েছেন, প্লুটার্ক হেভেন্সবির এই নাম দেওয়ার কারণ হলো, তিনি সেই হাতেগোনা কয়েকজন চরিত্রের একজন, যাঁর ‘ইতিহাসের গতিপ্রকৃতি বোঝার দৃষ্টিভঙ্গি’ আছে। ক্যাপিটলের অভিজাত পরিবারের সন্তান হিসেবে তিনি সেরা শিক্ষা পেয়েছেন। হাঙ্গার গেমসবিহীন পৃথিবী তিনি না দেখলেও, আগের পৃথিবী সম্পর্কে তাঁর ধারণা অন্য অনেকের চেয়ে বেশি। তা ছাড়া গেমমেকার এবং বিদ্রোহের প্রচার প্রধান—উভয় ভূমিকায় থেকেই তিনি গল্প গড়েছেন, মানুষের মন ও চিন্তা প্রভাবিত করেছেন, ঠিক যেমনটি করেছিলেন হাজার বছর আগের সেই প্লুটার্ক।
ট্রিবিউট (Tribute)
প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে একটি ছেলে ও একটি মেয়েকে ক্যাপিটলের হাতে তুলে দেওয়ার প্রথায় মিশে আছে গ্রিক পুরাণ আর রোমান রাজনীতির ছাপ। এই নিয়মের শুরুটা থিসিউসের পুরাণে। ক্রিটের রাজার ছেলের মৃত্যুর পর তিনি এথেন্সের বিরুদ্ধে যুদ্ধে যান এবং নিয়মিত সাতজন তরুণ ও তরুণীকে ক্রিটে পাঠাতে বাধ্য করেন। সেখানে তাদের এক গোলকধাঁধায় ঢুকিয়ে দেওয়া হতো, যেখানে মিনোটর নামের দানব তাদের মেরে খেয়ে ফেলত। এই নিষ্ঠুরতা থেমেছিল কেবল তখনই, যখন এথেন্সের রাজপুত্র থিসিউস স্বেচ্ছায় ক্রিটে গিয়ে দানবটিকে বধ করেন।
কলিন্সের ভাষায়, নিরীহদের বাঁচাতে নিশ্চিত মৃত্যুর মুখে স্বেচ্ছায় ঝাঁপিয়ে পড়ে ক্যাটনিস হয়ে উঠেছে ‘ভবিষ্যতের এক থিসিউস’। অন্যদিকে ‘ট্রিবিউট’ শব্দটির রয়েছে নিজস্ব ইতিহাস। শব্দটি এসেছে ল্যাটিন ‘ট্রিবিউটাম’ থেকে, যা মূলত সামরিক খাতে আদায় করা এক ধরনের কর ছিল। সাম্রাজ্য বাড়ার সঙ্গে সঙ্গে রোমান নাগরিকেরা এই কর থেকে অব্যাহতি পেলেও, পরাজিত জাতিগুলোর কাছে এটি হয়ে ওঠে বশ্যতা স্বীকারের মূল্য। এই প্রেক্ষাপটে দেখলে, ‘ডার্ক ডেজ’-এ পরাজিত হওয়ার পর ডিস্ট্রিক্টগুলোর দেওয়া ট্রিবিউটরা আসলে ক্যাপিটলের কাছে এক ধরনের জীবন্ত কর।
মেন্টর (Mentor)
ক্যাটনিস ও পিটা যখন ক্যাপিটলে পৌঁছায়, তখন এফি তাদের সতর্ক করে বলে যে হেমিচ হলো তাদের মেন্টর—‘পৃথিবীর সঙ্গে তোমাদের জীবন্ত যোগসূত্র… বাঁচা-মরার তফাত।’ মেন্টর বা পথপ্রদর্শকের ধারণা হাজারো গল্পে থাকলেও, ‘দ্য হাঙ্গার গেমস’-এ এর ব্যবহারে গ্রিক পুরাণের এক চমৎকার যোগসূত্র রয়েছে।
শব্দটির মূল প্রাচীন গ্রিক শব্দের সঙ্গে জড়িত বলে মনে করা হয়, যার অর্থ ‘মন’ ও ‘চিন্তা’। তবে নাম হিসেবে এটি প্রথম দেখা যায় ‘দ্য ওডিসি’ মহাকাব্যে। ইথাকার বাসিন্দা মেন্টর ছিলেন টেলিম্যাকাসের পরামর্শদাতা, যখন তাঁর বাবা ওডিসিয়াস অনুপস্থিত ছিলেন। তবে অনেক সময়ই সেই মেন্টর আসলে ছিলেন ছদ্মবেশী দেবী অ্যাথেনা। পরামর্শ দেওয়ার পাশাপাশি অ্যাথেনা দেবতাদের কাছে ওডিসিয়াসের পক্ষে কথা বলতেন, মিত্রদের পথ দেখাতেন এবং ওডিসিয়াস ও টেলিম্যাকাসকে বেঁচে থাকার প্রয়োজনীয় তথ্য ও রসদ জোগাতেন। সেদিক থেকে দেখলে, ‘দ্য হাঙ্গার গেমস’-এর মেন্টররা স্পনসরদের কাছে ট্রিবিউটদের পক্ষে তদবির করবে, রসদ পাঠাবে এবং কীভাবে চলতে হবে তা শিখিয়ে দেবে—এটা মোটেই কাকতালীয় নয়। ওডিসিয়াসের জন্য অ্যাথেনা যেমন ছিলেন, ক্যাটনিসের বেঁচে থাকার লড়াইয়ে হেমিচও ঠিক তেমনই অপরিহার্য।
এরেনা (Arena)
গেমসের যুদ্ধক্ষেত্র বোঝাতে ‘এরেনা’ শব্দের ব্যবহারও প্যানেমের সঙ্গে প্রাচীন ইতিহাসের যোগসূত্রকে আরও পোক্ত করে। শব্দটি রোমান গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এ দেখা যায়, শুরুর দিকের গেমস হতো ক্যাপিটল এরেনায়—যা বর্ণনা করা হয়েছে ‘যুদ্ধের আগে খেলাধুলা ও বিনোদনের কাজে ব্যবহৃত জীর্ণ এক অ্যাম্ফিথিয়েটার’ হিসেবে। তবু ‘এরেনা’ শব্দটির সঙ্গে ‘অ্যাম্ফিথিয়েটার’ (উভয় দিক থেকে দর্শক বসে খেলা বা লড়াই দেখার জায়গা) কিংবা ‘স্টেডিয়াম’ (যা দূরত্ব পরিমাপের একক থেকে এসেছে)—এগুলোর ঐতিহাসিক তফাত বাড়তি অর্থ তৈরি করে।
‘এরেনা’ এসেছে ল্যাটিন ‘হারেনা’ থেকে, যার আদি অর্থ ছিল ‘বালি’। গ্ল্যাডিয়েটরদের লড়াই ও অন্যান্য রক্তাক্ত বিনোদনের জায়গায় রক্ত শুষে নেওয়ার জন্য বালি ছড়িয়ে দেওয়া হতো বলেই এটি সেই লড়াইয়ের স্থানের সমার্থক হয়ে ওঠে। প্রথম শতাব্দীর মধ্যেই ‘এরেনা’ শব্দটি শুধু জায়গাকে নয়, সংঘাতকেও বোঝাতে শুরু করে। ক্যাপিটল এরেনায় গেমস হওয়া বন্ধ হয়ে যাওয়ার বহু পরেও ক্যাপিটল ‘এরেনা’ শব্দটি ধরে রেখেছে। কারণ প্রাকৃতিক পরিবেশে গেমস হলেও, গণমানুষের ভোগের জন্য সহিংসতা আর নাটকীয়তার সেই পুরোনো রোমান অর্থটি শব্দটির ভেতরে থেকেই যায়।
কোরিওলেনাস (Coriolanus)
নাম নির্বাচনে সুজান কলিন্স বরাবরই খুব সচেতন, আর কোরিওলেনাস স্নো তার ব্যতিক্রম নয়। তাঁর পদবি দিয়ে ‘শীতলতা ও শুদ্ধতা’ বোঝাতে চাইলেও, প্রথম নামটি এসেছে খ্রিষ্টপূর্ব পঞ্চম শতাব্দীর রোমান সেনাপতি গাইয়াস মার্সিয়াস কোরিওলেনাসের নাম থেকে। করিওলি শহরে এক নাটকীয় বিজয়ের পর তিনি ‘কোরিওলেনাস’ উপাধি পান। কিন্তু রোমান নাগরিকেরা সামরিক সেবা না দিলে বা রাজনৈতিক ক্ষমতা না ছাড়লে তাদের শস্য দেওয়ার বিরোধিতা করায় পরে তাঁকে নির্বাসিত করা হয়।
রোম থেকে বিতাড়িত হওয়ার পর কোরিওলেনাস রোমের বিরুদ্ধে বিদ্রোহের জন্য শক্তি জোগালেও, মা, স্ত্রী ও সন্তানদের অনুরোধে থেমে যান। তাঁর শেষ পরিণতি নিয়ে মতভেদ থাকলেও ধারণা করা হয়, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বা গুপ্তহত্যা করা হয়েছিল। অনেক ইতিহাসবিদ কোরিওলেনাসের বাস্তব অস্তিত্ব নিয়ে সন্দিহান হলেও, সাধারণ মানুষের কল্যাণের চেয়ে সামরিক গৌরব ও অভিজাত বংশমর্যাদাকে বড় করে দেখার বিপদ বোঝাতে এই চরিত্র এক বড় দৃষ্টান্ত হয়ে আছে। প্যানেমের স্বৈরশাসকের সঙ্গে তাঁর ঐতিহাসিক নামের যোগসূত্র বোঝা কঠিন নয়—বিশেষ করে ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এর প্রেক্ষাপটে তা আরও স্পষ্ট। দুজনেই নিজেদের মানুষের বিরুদ্ধে ক্ষুধা ও সহিংসতাকে অস্ত্র বানিয়েছিলেন, আর দুজনকেই সেই সিদ্ধান্তের ফল ভোগ করতে হয়েছিল।
টেসেরি (Tesserae)
নিজের ঐতিহাসিক প্রতিরূপের মতো কোরিওলেনাস স্নোও বিশ্বাস করতেন, খাবার কোনো মৌলিক মানবাধিকার নয়। এর বদলে দরিদ্র পরিবারের শিশুরা ‘টেসেরি’-এর জন্য নাম লেখাত। এর বিনিময়ে তারা এক বছরের শস্য ও তেল পেত, আর রিপিংয়ে তাদের নাম উঠত বাড়তি একটিবার। পরিবারের প্রতিটি সদস্যের জন্য একবার করে নাম তোলা যেত, কিন্তু রিপিংয়ে এই সুযোগগুলো জমে গিয়ে সময়ের সঙ্গে সঙ্গে তাদের বিপদের ঝুঁকি ভয়াবহভাবে বাড়িয়ে দিত। এটি নিছক কল্পনা মনে হলেও, এর শেকড় রয়েছে রোমানদের এক বাস্তব প্রথায়।
আদতে ‘টেসেরা’ ছিল মোজাইক ছবির একটি ছোট টুকরো, যা গ্রিক ও রোমান শিল্পকলায় খুব প্রচলিত ছিল। ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’-এ টাইগ্রিস যখন বাথরুমের টাইলস দিয়ে বোতাম বানায়, তখন এই অর্থটিরই ইঙ্গিত মেলে। সময়ের পরিক্রমায় ‘টেসেরা’ শব্দটি দিয়ে জুয়ার ছক্কাসহ ছোটখাটো যেকোনো টোকেন বা বস্তু বোঝাতে শুরু করে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ রূপ ছিল ‘টেসেরি ফ্রুমেন্টারি’, যা দিয়ে শস্য বা তেল পাওয়ার অধিকার মিলত। তবে রোমানরা যেখানে নাগরিকত্ব বা মর্যাদার ভিত্তিতে এসব দিত, প্যানেমের সরকার সেখানে এগুলোকে ব্যবহার করেছে দরকষাকষির হাতিয়ার হিসেবে—বেঁচে থাকার খাবারের বিনিময়ে গরিব বাবা-মাকে বাধ্য করেছে নিজেদের সন্তানকে আরও বড় বিপদে ঠেলে দিতে।
অ্যাভক্স (Avox)
‘দ্য হাঙ্গার গেমস’-এর দুনিয়ার জন্য ‘অ্যাভক্স’ ধারণাটি তৈরি করা হলেও, শব্দটির গঠনেও লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস। এটি এক জোড়া শব্দের মিশেল—গ্রিক উপসর্গ ‘আ-’ (যার অর্থ নয় বা ছাড়া) এবং ল্যাটিন শব্দ ‘ভক্স’ (যার অর্থ কণ্ঠস্বর)। রাষ্ট্রদ্রোহের শাস্তি হিসেবে যাদের জিভ কেটে নেওয়া হতো, সেই অ্যাভক্সদের ক্ষেত্রে এই নাম যথাযথই। প্রচলিত প্রবাদ ‘ভক্স পপুলি, ভক্স দেই’—অর্থাৎ ‘জনতার কণ্ঠই ঈশ্বরের কণ্ঠ’—এর ঠিক উল্টো পথে হেঁটে ক্যাপিটল জনতার কণ্ঠস্বরকে মনে করত এমন এক হুমকি, যা নির্মূল করা জরুরি।
প্যানেমে রুটি যেমন অস্ত্র, কথা বলাও তেমনি কড়া নিয়ন্ত্রণের বিষয়। চরিত্রগুলো প্রায়ই আশঙ্কায় থাকত, তাদের কথা আড়ি পেতে শোনা হচ্ছে কি না; আর সেই কাজেই বানানো হয়েছিল জ্যাবারজে। গ্রিক পুরাণের ইকোর মতো তাদের নিজস্ব কোনো কণ্ঠ ছিল না, কেবল যা শুনত তা-ই নকল করত। একইভাবে প্রেসিডেন্ট স্নো ক্যাটনিস ও পিটার কথা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন তাদের ক্ষমতা খর্ব করার জন্য। এসবের মাঝে অ্যাভক্সদের উপস্থিতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত, লাইনের বাইরে গেলে ক্যাপিটল কীভাবে মুখ বন্ধ করে দেয়। তবু মকিংজে হয়ে উঠেছিল এক শক্তিশালী প্রতীক, কারণ ক্যাপিটল তার বুলি বশে আনতে পারেনি। বিশেষ করে পলাক্স যখন এক অ্যাভক্স হয়েও বিদ্রোহের ক্যামেরাম্যান হিসেবে কাজ করে, তখন শারীরিক সীমাবদ্ধতা ছাপিয়ে সে যেন নিজের কণ্ঠস্বরই ফিরে পায়।
কর্নুকোপিয়া (Cornucopia)
প্রথম কোয়ার্টার কোয়েল থেকেই প্রতিটি হাঙ্গার গেমসের কেন্দ্রবিন্দুতে থাকে কর্নুকোপিয়া—অস্ত্র আর রসদে ঠাসা এক সোনালি শিং, যা ট্রিবিউটদের এক জায়গায় টেনে এনে রক্তক্ষয়ী সংঘাতের জন্ম দেয়। এটি প্রাচীন প্রতীকের এক বিকৃত রূপ, যেখানে ল্যাটিন ‘কর্নু কোপিয়ি’ দিয়ে বোঝানো হতো ‘প্রাচুর্যের শিং’। ‘সানরাইজ অন দ্য রিপিং’-এ হেমিচ যেমন বলেছিল, প্যানেমের এই রূপটি ছিল—‘কয়েকজনের জন্য প্রাচুর্যের শিং। অনেকের জন্য চরম হতাশা। সবার জন্য ধ্বংস।’ ভিক্টর হয়ে নিরাপদ খাবারের নিশ্চয়তা পেলেও, ট্রিবিউটরা কখনোই এই নিপীড়নমূলক ব্যবস্থা থেকে পুরোপুরি মুক্তি পেত না।
প্যানেমের অন্যান্য অনেক ধারণা ও প্রতীক সরাসরি প্রাচীন যুগ থেকে এলেও, কর্নুকোপিয়ার অর্থ সবচেয়ে বেশি বিকৃত করা হয়েছে। গ্রিক পুরাণে কর্নুকোপিয়া হলো অ্যামালথিয়া নামের এক ঐশ্বরিক ছাগলের শিং, যিনি নিজের সন্তানখেকো বাবার হাত থেকে লুকিয়ে থাকা জিউসকে দুধ খাইয়ে বাঁচিয়েছিলেন। সেই শিং অসীম খাদ্য জোগাতে পারত; রোমানরাও এই ধারণা গ্রহণ করে একে প্যাক্স (শান্তি) ও অ্যাবানডেনশিয়া (প্রাচুর্য)-এর মতো দেব-দেবীদের সঙ্গে যুক্ত করেছিল। কিন্তু ‘দ্য হাঙ্গার গেমস’-এ এটি হয়ে ওঠে ৭৪তম গেমসের শুরু ও শেষের রক্তপাতের কেন্দ্র—যা ডিস্ট্রিক্টগুলোকে মনে করিয়ে দেয়, জীবন-মৃত্যুর লড়াইয়ে জিতলেই কেবল ক্যাপিটলের প্রাচুর্যের ভাগ মেলে।
সেনেকা (Seneca)
৭৪তম হাঙ্গার গেমসের প্রধান গেমমেকার চরিত্রটি রোমান ইতিহাস থেকে প্যানেমে আসা সবচেয়ে সরাসরি রূপান্তরগুলোর একটি। সেনেকা ক্রেন চরিত্রের অনুপ্রেরণা ছিলেন আদি রোমান সাম্রাজ্যের দার্শনিক ও রাজনীতিবিদ লুসিয়াস অ্যানিয়াস সেনেকা দ্য ইয়াঙ্গার। দুই সম্রাটের আমলে মৃত্যুর হুমকির মুখে পড়ার পর—যাদের একজন তাঁকে নির্বাসনে পাঠিয়েছিলেন—সেনেকা জাঁকজমকের সঙ্গে রোমে ফিরে আসেন এবং ভবিষ্যৎ সম্রাট নিরোকে শিক্ষা ও পরামর্শ দেওয়ার দায়িত্ব পান। নিরো ক্ষমতায় আসার শুরুর দিকে দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে সাম্রাজ্য সামলালেও, একপর্যায়ে সম্রাটকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে আত্মহত্যার নির্দেশ দেওয়া হয়। তিনি সেই আদেশ মেনে নিয়ে নিজের শিরা কাটেন এবং হেমলক বিষের শরবত পান করেন—এই হেমলকই ছিল ‘দ্য হাঙ্গার গেমস’-এর বিদ্রোহের প্রতীক নাইটলক বেরির অন্যতম অনুপ্রেরণা।
নিজের নামের সার্থকতার মতোই সেনেকা ক্রেনও এক স্বৈরশাসকের ছায়ায় বেশ ভালোই চলছিলেন, যতক্ষণ না তাঁর সঙ্গে সম্পর্কহীন বিদ্রোহীরা তাঁকে বিপদের মুখে ঠেলে দেয়। লক্ষণীয় বিষয় হলো, ‘দ্য হাঙ্গার গেমস’ ত্রয়ীর দুই প্রধান গেমমেকারের নামই রাখা হয়েছে রোমান লেখকদের নামে। প্লুটার্ক যেখানে গ্রিক ও রোমান ঐতিহাসিক চরিত্রদের জীবনী লিখেছেন, সেখানে সেনেকা লিখেছেন এমন সব বিয়োগান্ত নাটক, যেখানে গ্রিক পুরাণের নায়কেরা রক্তক্ষয়ী মৃত্যুর কারণ হয় এবং প্রেমিক-প্রেমিকারা একে অপরের শত্রু হয়ে ওঠে। তাই সেনেকা নামের চরিত্রটি যে সহজেই ক্যাটনিস ও পিটাকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো যাবে বলে ভাববে, তাতে অবাক হওয়ার কিছু নেই। তবে ঐতিহাসিক চরিত্র আর কাল্পনিক চরিত্র—দুজনেই বুঝেছিলেন, সন্দেহপ্রবণ একনায়ক কত সহজে মিত্র থেকে প্রাণঘাতী শত্রুতে বদলে যেতে পারে।
তথ্যসূত্র: মেন্টাল ফ্লস








