মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ওয়ার্ড পর্যায়ের যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার গুরুই ও কারপাশা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কারপাশা ইউনিয়নের জালালপুর এলাকার আব্দুল বারিকের ছেলে মোঃ শামসুজ্জামান (৪৭) এবং গুরুই ইউনিয়নের মৃত শব্দর আলীর ছেলে আব্দুস সালাম।
পুলিশ সূত্রে জানা যায়, শামসুজ্জামান কারপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি এবং আব্দুস সালাম গুরুই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
নিকলী থানা সূত্রে জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা হামলা, নির্যাতন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।








