ব্যাটারি বদলের মতো কোষের পুনরুজ্জীবন: আসছে নতুন বিপ্লব

আমাদের নিকলী ডেস্ক ।।

মুঠোফোন বা ঘড়ির ব্যাটারি ফুরিয়ে গেলে আমরা কী করি? চট করে বদলে নিই। শরীরের কোষের ক্ষেত্রেও যদি এমনটা করা যেত? নানা জটিল রোগে আমাদের কোষের ভেতরের শক্তিঘর বা ‘মাইটোকন্ড্রিয়া’ অকেজো হয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞানীরা এখন ভাবছেন, নষ্ট ব্যাটারির মতোই কোষের এই ক্ষতিগ্রস্ত মাইটোকন্ড্রিয়া বদলে দিয়ে মানুষকে সারিয়ে তোলা সম্ভব কি না।

বিষয়টি আরও ভালোভাবে বুঝতে হলে তাকাতে হবে সদ্যোজাত শিশুদের দিকে। একজন নবজাতকের হৃৎপিণ্ড আকারে বড়জোর একটি আখরোটের সমান। এতটুকু হৃৎপিণ্ডে ওপেন-হার্ট সার্জারি করা কতটা কঠিন, তা সহজেই অনুমেয়। যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০ হাজার শিশু হৃৎপিণ্ডের মারাত্মক জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। কারও হৃৎপিণ্ডের প্রধান দুটি ধমনি উল্টো দিকে লাগানো থাকে, আবার কারও হৃৎপিণ্ডের বাম পাশ এতটাই ছোট থাকে যে তা ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না। জন্মের পরপরই এদের জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়।

অস্ত্রোপচার সফল হলেও আসল ঝুঁকি শুরু হয় এরপর। মেরামত করা হৃৎপিণ্ডে যখন নতুন করে রক্ত প্রবাহিত হতে শুরু করে, তখন অনেক সময় হৃৎপিণ্ড সাময়িকভাবে অসাড় হয়ে পড়ে এবং কোষের ব্যাপক ক্ষতি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ‘ইস্কেমিয়া-রিপারফিউশন ইনজুরি’। এ অবস্থায় শিশুটিকে বাঁচিয়ে রাখতে কৃত্রিম লাইফ-সাপোর্ট বা ‘একমো’ (ECMO) মেশিনে রাখতে হয়, যা অকেজো হৃৎপিণ্ড ও ফুসফুসের বদলে শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সঞ্চালন করে। কিন্তু দুঃখজনক হলো, এই মেশিনে যাওয়া নবজাতকদের মাত্র ৪০ শতাংশ শেষ পর্যন্ত সুস্থ হয়ে ফিরে আসতে পারে। কারণ, তাদের ছোট্ট হৃৎপিণ্ড আর আগের অবস্থায় ফিরতে পারে না।

এই চিত্র বদলাতেই দারুণ এক উপায় বের করেছেন যুক্তরাষ্ট্রের বস্টন চিলড্রেনস হাসপাতালের চিকিৎসক ও বিজ্ঞানীরা। তারা ক্ষতিগ্রস্ত হৃৎপিণ্ডের কোষগুলোকে চাঙা করতে সেগুলোর ‘জ্বালানি’ বা শক্তির উৎস বদলে দেওয়ার কথা ভাবেন। আর কোষের সেই ব্যাটারি হলো মাইটোকন্ড্রিয়া। এই পদ্ধতিতে শিশুর পেটের পেশি থেকে সুস্থ মাইটোকন্ড্রিয়া সংগ্রহ করে সরাসরি ইনজেকশনের মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করানো হয়।

গত এপ্রিল পর্যন্ত ১৭ জন নবজাতকের ওপর এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো—এদের ৮০ শতাংশই লাইফ-সাপোর্ট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে। এই চিকিৎসায় সামগ্রিক মৃত্যুহার কতটা কমবে, তা এখনই নিশ্চিত করে বলার সময় আসেনি। তবে প্রাথমিক সাফল্য আশার আলো দেখাচ্ছে। বর্তমানে এটি নিয়ে বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। সফল হলে চিকিৎসাবিজ্ঞানে এক নতুন যুগের সূচনা হবে।

তথ্যসূত্র: Live Science