মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নিকলী উপজেলা বিএনপির সাবেক নেতা ও কিশোরগঞ্জ জেলা জজ আদালতের এপিপি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। নিকলী নতুন বাজারের মৎস্য আড়ত থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নতুন বাজারে এসে শেষ হয়।
র্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান (সবুজ)-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম (সোহেল), সাবেক উপজেলা যুবদল সভাপতি আবদুল মান্নান, সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব হারুন অল কাইয়ুম, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি এখলাছুর রহমান (দুলাল) প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সিংপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও সভাপতি মোঃ হারুন অর রশিদ, নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, দামপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তার, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান (জাকির), ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তিনি জীবনে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। বক্তারা আরও বলেন, ১৯৭৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালিত হয়।
তারা বলেন, ওই ঘটনার পর জিয়াউর রহমান দেশের শাসনভার ও রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ পুনরায় উন্মুক্ত হয়। বক্তারা জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।








