নিকলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাব হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফিউদ্দিন, দৈনিক আমার দেশ পত্রিকার নিকলী প্রতিনিধি হিমেল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমতিয়াজ মনির, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মোজাম্মেল হক (আবীর), নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাইমুন ইসলাম সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় ঐক্যের চেতনাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা বলেন, “৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও চেতনাকে আমাদের ধারণ করতে হবে। আজকের আলোচনায় উপস্থিত সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর বক্তব্য উপস্থাপন করেছেন। এ জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। দিবসটির তাৎপর্য নিয়ে নিয়মিত চর্চা ও আলোচনা করতে হবে। এর মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক বিশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি ও সন্ত্রাস কমিয়ে আনা সম্ভব। এ চর্চা শুধু আলোচনা সভায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি পর্যায় ও প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে।”

পরিশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।