মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ২২তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নিকলী উপজেলা পরিষদ হলরুমে দৈনিক নয়া দিগন্ত পাঠক ফোরামের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নয়া দিগন্তের নিকলী প্রতিনিধি আহসানুল হক (জুয়েল)-এর সভাপতিত্বে এবং আমার দেশ পত্রিকার নিকলী প্রতিনিধি হিমেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
আলোচনা আরও সভায় বক্তব্য দেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মোজাম্মেল হক (আবীর), সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কফিল উদ্দিন আহমেদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক মানবজমিনের নিকলী প্রতিনিধি খায়রুল মোমেন (স্বপন), বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার আমির আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এএইচএম আছাদ, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক জামরুল ইসলাম, আমাদের নিকলী ডটকম-এর বিশেষ প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের নিকলী প্রতিনিধি শেখ উবাইদুল হক (সম্রাট), দৈনিক বিজনেস ফাইলের নিকলী প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক খবরপত্রের নিকলী প্রতিনিধি মাহমুদ আল আজাদ, দৈনিক আগামীর সময়ের নিকলী প্রতিনিধি মোহাম্মদ দিনারসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, নয়া দিগন্ত একটি সাহসী ও দায়িত্বশীল সংবাদমাধ্যম। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পত্রিকাটি দীর্ঘ ২২ বছর ধরে পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে চলেছে। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করেও পত্রিকাটির এই পথচলা প্রশংসনীয়।
বক্তব্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘দিগন্তের শেষ নেই।’ তিনি দেশে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমকে আরও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিরা আড়ালে থেকে যান, অথচ এর দায়ভার সম্পাদক ও সাংবাদিকদের ওপর এসে পড়ে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদের বিষয়েও গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি ও জামায়াত-সমর্থিত বিভিন্ন পত্রিকা নানা প্রতিবন্ধকতার মুখে পড়লেও নয়া দিগন্ত সাহসিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি পত্রিকাটির বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম বলেন, ‘দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির ক্ষত এখনো শুকায়নি। এমন পরিস্থিতিতেও আমার ভাই খুন হয়েছেন। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ—শ্রমিক, দিনমজুর, জেলে ও তাঁতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমি যদি কোনো অন্যায় করি, আপনারা আমার বিরুদ্ধে লিখবেন। যারাই অন্যায় করবে, তাদের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। এ ক্ষেত্রে কে কোন দলের, তা বিবেচ্য হওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘আমি আশ্বস্ত করছি, আমি এবং আমার দল সাংবাদিকদের পাশে আছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’
অনুষ্ঠানে বক্তারা স্বাধীন, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং দৈনিক নয়া দিগন্তের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ ও সাফল্যমণ্ডিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।








