নিকলীতে সরকারি কলেজ ভবন উদ্বোধন, ব্যানার-ফলক বিড়ম্বনা

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারী কলেজের নতুন ৬ তলা ভবনের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক দীপক কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও প্রভাষক জামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া, শিল্পপতি হাজী মাসুক মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রভাষক আবদুল মান্নান, রিটন চন্দ্র সরকার, কৃষ্ণ চন্দ্র সাহা, এমএইচ আসাদ, মো. জালাল উদ্দিন, ইসলাম উদ্দিন, আজমল হোসেন, মাজহারুল ইসলাম, মাসুদ রানা, নিকলী থানার ওসি ইশতিয়াক আহম্মদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হারুন অল কাইয়ূম, যুবনেতা আব্দুল মান্নান, কৃষকদল নেতা নজরুল ইসলাম মেম্বার, কামরুল আহসান স্বাধীন, আল মামুন মেম্বার, আজহারুল ইসলাম সোহেল, শরীরচর্চা শিক্ষক আব্দুল জলিল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হৃদয় হাসান প্রমুখ।

উদ্বোধনে মঞ্চ, ব্যানার বা নামফলক স্থাপন ছিলো না। অফিস কক্ষে উদ্বোধক শেখ মজিবুর রহমান ইকবালের হাতে নামফলক হস্তান্তর করেন দীপক কুমার বিশ্বাস। এ নিয়ে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জনের। উপস্থিত ছিলেন না প্রতিষ্ঠানটির সকল শিক্ষকও। সাদামাটা উদ্বোধনের বিষয়টি একশ্রেনির প্রশংসায় ভাসলেও, কেউ কেউ বিষয়টিকে দেখছেন ভিন্ন চোখে।

গত ৭ নভেম্বর সরকারি নির্দেশনায় যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান; কিন্তু  কলেজ কর্তৃপক্ষের নামমাত্র আয়োজনে উপস্থিতি ছিলো মাত্র ৭ শিক্ষার্থী।

ভবন উদ্বোধনের পরে কলেজ ক্যাম্পাসে একটি শহীদ মিনারের ভিত্তি প্রস্তরও উদ্বোধন করা হয়।