মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ মানিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নিকলী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ই সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে নিকলী থানার মজলিশপুর রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়ার আহম্মেদের নির্দেশনায় এসআই শরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মজলিশপুর রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় করিমগঞ্জ উপজেলার পশ্চিম কান্দাইল গ্রামের মাখন ওরফে নেকবরের ছেলে মানিককে (২১) ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমুল গাছহাটি গ্রামের রোমান (৩৫) এবং করিমগঞ্জ উপজেলার খিদিরপুর গ্রামের ফারুক (৩০) ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। তাদের পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
এ বিষয়ে মুঠোফোনে নিকলী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ইশতিয়ার আহম্মেদ বলেন, “মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমি নতুন যোগদান করেছি। পূর্বের তালিকা পর্যালোচনা করে এবং নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পলাতক ব্যক্তিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিকলী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ ইশতিয়ার আহম্মেদকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
তিনি বলেন, “এভাবে যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকে, তাহলে নিকলী একটি আলোকিত ও মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।”
মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের মাধ্যমে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।




