নতুন নিয়ম আসছে রাশিয়া বিশ্বকাপে

আমাদের নিকলী ডেস্ক ।।

সেই ১৯৩০ থেকে ২০১৪। দ্য বিউটিফুল ফুটবলের মহাসমাবেশ ঘটেছে মোটে ২০ বার। যার প্রতিটি আসরেই আম্পায়ারদের সিদ্ধান্ত হয়েছে প্রশ্নবিদ্ধ, জন্ম নিয়েছে নানা কলঙ্কজনক অধ্যায়। বলা যেতে পারে, রক্তে-মাংসে গড়া মানুষ হওয়াতে আম্পায়ারের ভুল হতেই পারে।

তবে এবার শুদ্ধতা যাচাইয়ের অভিযানের প্রদক্ষেপ হিসেবে রাশিয়া বিশ্বকাপে প্রথমবারের মতো ভিএআর টেকনোলজি ব্যবহার হতে যাচ্ছে৷ যদিও এর আগে জার্মানির বুন্ডেসলিগা, ইতালির ‘সিরি এ’ ও পর্তুগালের বিভিন্ন লিগে ব্যবহার হয়েছে এই টেকনোলজি। কিন্তু ২১তম রাশিয়া ফুটবল মহাযজ্ঞে এটাই প্রথম সংস্করণ।

জানা যায়, রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে ১৩জন ভিএআর নিয়োগ দিয়েছে ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা। যাদের কাজ হবে মাঠের রেফারির সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত দেয়া। এমনকি রেফারি চাইলে সাইডলাইনে গিয়েও ভিডিওর রিপ্লেও দেখতে পারবেন আসল সত্য। আর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদেরও বড় স্ক্রিনে ভিডিও রেফারির সিদ্ধান্ত জানানোর ব্যবস্থা থাকবে।

ফিফার এমন সিদ্ধান্তে বিপাকে ফেলবে ছলচাতুরীতে আশ্রয় নেয়া ফুটবলারদের। অপ্রয়োজনীয় ফাউল কিংবা ড্রাইভ করে বিপাকে পড়তে হতে পারে তাদের। দেখতে পারেন লাল কিংবা হলুদ কার্ডের রোষাণলে।

প্রসঙ্গত, অফসাইডের সিদ্ধান্ত নির্ভুল করার জন্য এবারের বিশ্বকাপে দুটি অতিরিক্ত ক্যামেরার ব্যবস্থা করবে ফিফা। ফলে একটি ম্যাচ সম্প্রচারের জন্য এবার এই দু’টিসহ মোট ৩৫টি ক্যামেরা ব্যবহার করা হবে। অর্থাৎ সব বিতর্ক এড়িয়ে শুদ্ধতম বিশ্বকাপের অপেক্ষায় বিশ্ব।

সূত্র : নতুন নিয়মে বিশ্বকাপ  [ঢাকা টুডে, ২৬ মে ২০১৮]

Similar Posts

error: Content is protected !!