সংসদে ঢাকা-কিশোরগঞ্জ রুটে নতুন ট্রেন চালুর দাবি এমপি ইকবালের

নিজস্ব প্রতিনিধি ।।

ঢাকা-কিশোরগঞ্জ-ঢাকা রেলপথে যাত্রীসেবার উন্নয়নে নতুন এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এ সংক্রান্ত একটি আবেদন সংসদে উপস্থাপন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর দক্ষতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করছেন এবং ইতোমধ্যে বিভিন্ন অসংগতি দূর করে যাত্রীসেবার মান উন্নত করেছেন। ফলে সাধারণ যাত্রীরা এখন প্রত্যাশিত সেবা পেতে শুরু করেছেন।

সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, ঢাকা-কিশোরগঞ্জ রেলপথ দেশের অন্যতম জনবান্ধব যোগাযোগব্যবস্থা। প্রতিদিন বিপুলসংখ্যক চাকুরিজীবী ও শ্রমজীবী মানুষ এই রুটে যাতায়াত করেন। তারা সকালে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে অফিস বা জরুরি কাজ শেষে বিকেলে আবার ফিরে যান।

বর্তমানে কমলাপুর থেকে সকাল ১০টায় একটি এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বিকেলে ঢাকায় ফিরে আসে। তবে একই সময়ে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কোনো ট্রেন না থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ সকাল ১০টার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকামুখী যাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি।

এমতাবস্থায়, তিনি এই গুরুত্বপূর্ণ রুটে সকাল ১০টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি এক্সপ্রেস ট্রেন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রীর নিকট প্রেরণ করা হলে তিনি বিষয়টিকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তার সচিবকে সুপারিশ করেন। সংশ্লিষ্ট মহল আশা করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে এ রুটে যাত্রীসেবার মান আরও উন্নত হবে।

Similar Posts

error: Content is protected !!