মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
“মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে উপজেলা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-SEDP এর আয়োজনে উপজেলা সম্প্রসারিত পরিষদ হলরুমে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান (ইকবাল)।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুনাব্বির হোসেন। একাডেমি সুপারভাইজার আরাধন দের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্লাহ এবং নিকলী থানার ওসি মাহবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, “বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দক্ষ ও যোগ্য শিক্ষার্থী তৈরি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তুলতে হবে।”
প্রধান অতিথি জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আবেদন জমা দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের মন-মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন বেঞ্চ ও ফার্নিচার যেন দীর্ঘদিন সুন্দর ও ব্যবহার উপযোগী থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” এছাড়া চলমান অধিবেশন শেষে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়েরও আশ্বাস দেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি বলেন, “গবেষণা ও জ্ঞানচর্চার মাধ্যমেই দক্ষ গবেষক ও উদ্ভাবক তৈরি হয়। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া ১১টি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবগত হন।
প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নে দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান লাভ করে নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে মোহরকোনা মাদরাসা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

