মোঃ নূরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোর অটোরিকশাচালক আদনানকে (১৪) অজ্ঞান করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নিকলী উপজেলা সদর হাসপাতালের নতুন গেটের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আদনান উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা। তিনি মো. সুমন মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে হাসপাতালের নতুন গেট সংলগ্ন এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা কৌশলে আদনানকে অজ্ঞান করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভাগলপুর হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, অজ্ঞান পার্টির সদস্যরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। প্রকাশ্য দিবালোকে উপজেলা সদরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এমন ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার তদন্ত, ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

