মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোসাম্মত আসমা (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ও ছেলে পালিয়ে গেছে।
সোমবার (১৫ জুন) নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর দক্ষিণহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি দল উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর দক্ষিণহাটি গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আসমাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এদিকে, অভিযানের বিষয়টি টের পেয়ে আসমার স্বামী চাঁন মিয়া এবং ছেলে কাইয়ুম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

