নিকলীতে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে এ সভার আয়োজন করা হয়।

শনিবার (২০ জুন) নিকলী উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত দুই দিনব্যাপী মতবিনিময় কর্মসূচির শেষ দিনের সভায় নিকলী সদর, জারুইতলা, সিংপুর ও কারপাশা ইউনিয়নের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট বদরুল মোমেন (মিঠু)। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার (হেলিম), সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহম্মেদ, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সাজ্জাতুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম (লিটন) ও প্রিন্স মাহমুদ (তুহিন)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

মতবিনিময় সভায় বক্তারা কৃষকদের জন্য সরকারের ঘোষিত ভর্তুকি ও প্রণোদনা বিতরণে অনিয়ম, প্রকৃত কৃষকদের বঞ্চিত হওয়া, স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক সমস্যাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সবাইকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হতে হবে এবং দলীয়ভাবে মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে স্থানীয় সমস্যাগুলোর কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে, বিকেল ৪টায় নিকলী উপজেলা বিএনপির কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং তাঁর রোগমুক্তি কামনা করে মোনাজাত করেন।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!