মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদিস (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাদিস নিকলী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি দেলোয়ার হোসেন ও শাহানা আক্তার দম্পতির ছেলে। জীবিকার তাগিদে তিনি নিকলী-চট্টগ্রাম রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে নিয়মিত হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাসের ছাদে থাকা মালামাল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত একটি কভারবিহীন ঝুলন্ত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন হাদিস। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও আশপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘটনাস্থলে কভারবিহীন ঝুলন্ত বৈদ্যুতিক তার থাকলেও তা অপসারণ বা নিরাপদ করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। এ ধরনের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।
নিকলী থানার সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

