দামপাড়ার ৪ মাদক কারবারির কারাদণ্ড, এলাকাবাসীর উদ্যোগ

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জুমার নামাজের পর যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে স্থানীয় মসজিদের মুসল্লি ও সাধারণ জনগণ একত্রিত হয়ে অভিযান পরিচালনা করে বাচার উদ্দিনের ছেলে মো. ফেরদৌস (৩২), আলী হোসেনের ছেলে আলী আসগর (১৯) এবং মৃত জয়নালের ছেলে মো. রবিনকে (১৯) আটক করেন। পরে তাদের নিকলী থানায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী মো. ফেরদৌসকে ৬ মাস, আলী আসগরকে ৩ মাস এবং মো. রবিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অংশ হিসেবে তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রশাসনের পাশাপাশি ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এদিকে, এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালতে একই আইনে গুরুই গ্রামের মুখলেছুর রহমানের ছেলে শামসুজ্জামানকে (৩০) ৫ দিনের, মারাজের ছেলে নাঈমকে (২৮) ৭ দিনের, অহিদ মিয়ার ছেলে অন্তর আলমকে (২৫) ৫ দিনের, মৃত মমিন মিয়ার ছেলে শিপনকে (৩৭) ১ মাসের এবং মৃত আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলামকে (৪৫) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

Similar Posts

error: Content is protected !!