নিকলীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ। এছাড়াও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস ছামাদ, নিকলী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মেম্বার এবং সমবায় সদস্য মোছা. হালিমা আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবির কর্মকর্তা মহসিন উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সদস্য, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। গ্রামীণ নারীর ক্ষমতায়ন, সমবায়ভিত্তিক সংগঠনের বিকাশ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অনাচার ও বৈষম্য দূরীকরণ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি গ্রামপ্রধান দেশ। তাই পল্লীর উন্নয়নই দেশের উন্নয়নের মূল ভিত্তি। কৃষির পাশাপাশি অকৃষি খাতে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে সমবায় সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Similar Posts

error: Content is protected !!