মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী থানার হাজতে রুবেল (২১) নামে এক হাজতি যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে হাজতের ভেতরে নিজের পরিহিত শার্টের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল নিকলী উপজেলার সহরমূল গ্রামের রাজা হাওলাদারের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রুবেল মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। পিতার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল প্রায় ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে নিকলী থানায় আনা হয় এবং হাজতে রাখা হয়।
রুবেলের বাবা রাজা হাওলাদার জানান, সকালে তিনি নিজেই থানায় ফোন করে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে সকাল ৯টার দিকে থানায় গিয়ে ছেলেকে নাস্তা খাইয়ে বাড়ি ফিরে আসেন। কিছুক্ষণ পর ফোনে জানতে পারেন, তার ছেলে মারা গেছে।
নিকলী থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, আটক করার পর রুবেলকে থানা হাজতে রাখা হয়। তার বাবা সকালে এসে নাস্তা দিয়ে যান। আদালতে চালানের প্রস্তুতি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে হাজতের ভেতরে তাকে শার্টের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়। পরে তাকে উদ্ধার করা হলেও তিনি মারা যান।
ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তসহ সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

