নিখোঁজের একদিন পর ধনু নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর শান্তনা (৭) নামে এক শিশুর মরদেহ ধনু নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শান্তনা উপজেলার সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার দ্বিতীয় কন্যা। সে একটি বেসরকারি এনজিও পরিচালিত ভাসমান বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শান্তনা বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সন্ধ্যায় নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে স্থানীয় লোকজন ধনু নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শান্তনার বলে শনাক্ত করেন।

নিহতের বাবা মো. শাহজাহান মিয়া জানান, তার মেয়ে সাঁতার জানত। তিনি অভিযোগ করেন, তার আপন ছোট ভাইয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তার সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব নয়।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, নিহত শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Similar Posts

error: Content is protected !!