নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামে গাজীপুরের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালকান্দি হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শফিকুল ইসলাম তুলু গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে নিকলী হাওর ভ্রমণে এসে তুলু গোসল করার উদ্দেশে পানিতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে লাফ দিলে হাওরের প্রবল স্রোতের টানে তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তার কোনো সন্ধান পাননি।

খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, তারা অন্য একটি উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছেন। এরপর ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে এসে হাওর ও আশপাশের এলাকায় ব্যাপক উদ্ধার অভিযান পরিচালনা করে।

তবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান না মেলায় দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করবে।

স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস হাওরে ভ্রমণকারী পর্যটকদের গভীর পানিতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!