নিকলীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় নিকলী নতুন বাজার বণিক সমিতির কার্যালয়ে নিকলী পিএফজির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস অ্যাম্বাসেডর ও নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিস অ্যাম্বাসেডর ও নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এ,এস,এম, আছাদ।

প্রধান অতিথি ছিলেন এমঅ্যান্ডই রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট এক্সপার্ট ফাতেমা মাহমুদা। বিশেষ অতিথি ছিলেন এমঅ্যান্ডই রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোঃ আক্তারুজ্জামান, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও নিকলী উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নিকলী উপজেলা শাখার সভাপতি খায়রুল মোমেন (স্বপন), সাবেক ইউপি সদস্য ও পিএফজির সমন্বয়কারী মোঃ জসিম উদ্দিন, সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান (স্বাধীন), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা (বিউটি), শিক্ষিকা হ্যাপি আক্তার, নারী উদ্যোক্তা সাইলা আক্তার, নিকলী সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাসমিন আক্তার এবং সাবেক ইউপি সদস্য রুমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো সংঘাত বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংলাপ, পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। তারা সমাজে সহনশীলতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বক্তারা আরও তুলে ধরেন, গত ৫ আগস্টের রাজনৈতিক অস্থিরতার সময় নিকলীর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষা, বিরোধ নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধিতে পিএফজির বিভিন্ন কার্যক্রমের চিত্রও সভায় উপস্থাপন করা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা নিকলীতে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Similar Posts

error: Content is protected !!