সহিংসতা নিরসনে নিকলীতে কর্মশালা

মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই আগস্ট শুক্রবার সকাল ১১ ঘটিকায়, নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েব)-এর আয়োজনে নিকলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নারীনেত্রী রেখা আক্তারের সভাপতিত্বে এবং নারী উদ্যোক্তা সাইলা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোঃ আক্তারুজ্জামান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও পিএফজির অ্যাম্বাসেডর মোঃ জসিম উদ্দিন, নিকলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মারজিয়া আক্তার এবং কারপাশা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য তামান্না জাহান।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক টপি আক্তার, সাবেক মহিলা ইউপি সদস্য রুমা আক্তারসহ নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্মের (ওয়েব) বিভিন্ন পর্যায়ের নারী সদস্যরা।

আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা শুধু একটি সামাজিক সমস্যা নয়; এটি মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির জন্যও বড় হুমকি। এ ধরনের সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহনশীলতা, উদারতা, সম্মান ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। সমাজের প্রতিটি স্তরে মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে পারলে সহিংসতা ও নির্যাতন অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।

তারা বলেন, পৃথিবীর উন্নয়নে নারী ও পুরুষ উভয়েরই সমান অবদান রয়েছে। তাই নারীর প্রতি বৈষম্য, অমানবিক আচরণ, নির্যাতন ও কুপ্রবৃত্তি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিকতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে হবে।

সভাপতির সমাপনী বক্তব্যে নারী নেত্রী রেখা আক্তার বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে তিনি সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

Similar Posts

error: Content is protected !!