নির্বাচনে জামানত ৫ হাজার টাকা নির্ধারণের দাবি

আমাদের নিকলী ডেস্ক ।।

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

এই তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদার সাথে সাক্ষাৎ করে ১৮ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। বাসস

সিইসির সাথে সাক্ষাতে তারা অন্য যেসব প্রস্তাবনা তুলে ধরেন সেগুলো হলো- ভোটার তালিকার সিডি ক্রয়ের বাধ্যবাধকতা বাতিল করে তা বিনামূল্যে প্রার্থীদের সরবরাহ করা, সকল প্রার্থীর জন্য ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) সনদ বাধ্যতামূলক করার পরিবর্তে কেবল যে সকল প্রার্থীর আয় করারোপযোগ্য তাদের জন্য বাধ্যতামূলক করা, জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন জমা গ্রহণের ব্যবস্থা করা এবং প্রতিটি নির্বাচনী এলাকায় নির্বাচন কমিশনের উদ্যোগে প্রার্থীদের পরিচিতি সভার আয়োজন।

সাক্ষাৎকালে নির্বাচন কমিশনারদের মধ্যে মো. রফিকুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহেদুল হক মিলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আকবর খান উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!