আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের হোসেনপুরে মামলা নিষ্পত্তি করে দেয়ার কথা বলে টাকা চাইতে গিয়ে এক ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে পূমদী ইউনিয়নের মাস্টার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক জুয়েল (২৯) পৌর এলাকার পশ্চিম দ্বিপেশ্বর গ্রামের মো. মাইন উদ্দিনের ছেলে।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূমদী ইউনিয়নের দক্ষিণ পূমদী গ্রামের সুমন ও তার সহোদর তফাজ্জলের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সপ্তাহখানেক আগে তফাজ্জলের লোকজন সুমন ও তার পরিবারের লোকজনকে মারধর করে। এ বিষয়ে সুমন থানায় একটি অভিযোগ করে। এরই সূত্র ধরে সুমনের বন্ধু জুয়েল শুক্রবার রাতে তফাজ্জলের বাড়িতে গিয়ে নিজেকে ডিবির লোক পরিচয় দিয়ে বলেন, তোমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাড়াতাড়ি বিষয়টি সমাধান কর।
এ বিষয়ে তফাজ্জল বলেন, জুয়েল নিজেকে ডিবির সদস্য পরিচয় দিয়ে আমার পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে এবং মামলাসহ সব সমস্যার সমাধান করে দেবেন বলে জানান। তার কথায় সন্দেহ হলে সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানাই এবং তাকে আটকে রাখি। পরে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে হোসেনপুর থানার ওসি মো. আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

সূত্র : ঘুষ চাইতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক [যুগান্তর, ৩১ মার্চ ২০১৮]

