খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
আজ বুধবার (২ মে) দুপুরে বজ্রপাতে কিশোরগঞ্জের নিকলীতে আলী আকবর (৪৪) নামের এক কৃষক মারা গেছেন। এছাড়াও সাইকুল (৪৫) ও টিটু (১৩) নামের ২ জন আহতের ঘটনা ঘটেছে।
জানা যায়, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের শেখ নবীনপুর গ্রামের কৃষক আলী আকবর বুধবার সকালে বাড়ির পাশের হাওরে জমির ধান কাটতে যান। দুপুর আনুমানিক ১২টায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পিতার নাম নীল মামুদ।
একই দিন ও সময়ে কারপাশা ইউনিয়নের গৌরীপুর গ্রামের মলু মিয়ার পুত্র কৃষক সাইকুল ও বকুল মিয়ার পুত্র টিটুসহ ১০-১২জন বাড়ির কাছের গন্ডা হাওরে ধান তোলার কাজ করছিলেন। দুপুর আনুমানিক ১২টায় বজ্রপাতে সাইকুল ও টিটু আহত হন।
নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসার জন্যে আসা সাইকুলের শরীর ও টিটুর চোখ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাদের রিলিজ দেয়া হয়েছে।

