আমাদের নিকলী ডেস্ক ।।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্রুত সময়ের মধ্যেই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে আওয়ামী লীগ সংলাপে বসবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি।
সোমবার (২৯ অক্টোবর ২০১৮) ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে কাদের আরো বলেন, আওয়ামী লীগ কারো কাছে নতিস্বীকার করে না। সংলাপের জন্য কোনো পূর্বশর্তও নেই। বঙ্গবন্ধু কন্যার দরজার কারও জন্য বন্ধ থাকে না। তাই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানা গেছে, মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত এক আলোচনায় ড. কামাল হোসেনের চিঠি নিয়ে কথা হয়েছে। আগের দিন রোববার নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনসহ ঘোষিত ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য সম্বলিত একটি চিঠি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন ঐক্যফ্রন্টের নেতারা।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কাছে দেয়া জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে সংলাপের আহ্বান জানানো হয়।

সূত্র : চ্যানেল আই অনলাইন, ২৯ অক্টোবর ২০১৮

