বিমানভাড়া না থাকায় বাংলাদেশ সফর বাতিল উইন্ডিজের!

আমাদের নিকলী ডেস্ক ।।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে তামিম-মুশফিকরা। ভয়াবহ সেই হামলার জেরে টেস্ট সিরিজ অসমাপ্ত রেখেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ দল। এরপরই বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। এবার দুঃসংবাদ শোনাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

ক্যারিবীয় “এ” দলের বাংলাদেশ সফর স্থগিতের কথা জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সফর স্থগিতের মূলে রয়েছে আর্থিক দৈন্যতা। গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক সঙ্কটে ভুগছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডাব্লিউসিবি)। আর এ কারণেই গত বছর বাংলাদেশ ক্রিকেট দলের ক্যারিবীয় সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছিল। শেষ পর্যন্ত ডাব্লিউসিবিকে দুই মিলিয়ন ইউএস ডলার ঋণ দিয়ে সফরে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনও ক্যারিবীয় বোর্ডের আর্থিক দুরবস্থা কাটেনি। এ জন্যই আগামী জুনে তারা ওয়েস্ট ইন্ডিজের “এ” দলকেও বাংলাদেশ সফরে পাঠাচ্ছে না।

তিনটি চার দিনের ম্যাচের পাশাপাশি পাঁচটি এক দিনের ম্যাচও খেলতে আসার কথা ছিল ক্যারিবীয় “এ” দলের। যদিও সফর আয়োজনের তুলনায় নিজেরা সফরে গেলে খরচ সামান্যই। দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী শুধু বিমানভাড়া দিয়ে আসা-যাওয়ার খরচ দিতে হতো ডাব্লিউসিবিকে। এখানে আসার পর দলটির যাবতীয় ব্যয়ভার জোগানোর কথা বিসিবিরই। কিন্তু ক্যারিবীয় বোর্ডের বিমানভাড়া দেওয়ারও অপারগতায় আসন্ন সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিতই হয়ে গেল।

উইন্ডিজ বোর্ডর আর্থিক দৈন্যতা নিয়ে সরাসরি কথা বলেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দীন চৌধুরী। তিনি বলেছেন, “ক্যারিবীয় বোর্ডের কিছু সীমাবদ্ধতার কারণে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বাংলাদেশ সফর নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

এ অনিশ্চয়তার কারণ জানলেও সেটি প্রকাশ করতে চান না বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি বলেন, “তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে। আমার তরফ থেকে সে বিষয়টি প্রকাশ করা শোভনীয় হবে না। একটি বোর্ডের কোনো সমস্যা থাকতেই পারে। এবং এটি ঘটতে পারে যেকোনো বোর্ডের ক্ষেত্রেই। কাজেই আমাদের এর ভিত্তিতেই তাদের মূল্যায়ন করাটা ঠিক হবে না।”

নিজাম উদ্দিন চৌধুরী না বললেও বিসিবির আরেকটি সূত্র নিশ্চিত করেছে, উইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের অপারগতায় আর্থিক সমস্যার কথাই উল্লেখ করেছে।

সূত্র : ঢাকা টুডে

Similar Posts

error: Content is protected !!