মোঃ নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হাসপাতাল মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা মজুমদার মুক্তি। বিশেষ অতিথি ছিলেন নিকলী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে প্রধান অতিথি বৈশাখী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের সম্প্রসারিত হলরুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, নৃত্যশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্যিকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রেহেনা মজুমদার মুক্তি।

