আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় হত্যা মামলার আসামি সাইদুর রহমান ওরফে সাদু ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ জুলাই মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার ঘাট থেকে সাদুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুর রহমান সাদু অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা জানান, সাইদুর স্থানীয় আদমপুর ইউনিয়নের মাহাবুব হত্যা মামলার প্রধান আসামি। তার নামে হবিগঞ্জের লাখাই থানায় ডাকাতি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
গত ৬ জুলাই আদমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার সাইদুর রহমান সাদু ও পরাজিত মেম্বার সবুজ মিয়া এই দু’পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মাহাবুব মিয়া (৩৩) নামে এক ব্যক্তি নিহত হন। পরে নিহত মাহাবুবের ভাই দেলোয়ার হোসেন অষ্টগ্রাম থানায় সাইদুর রহমান সাদুকে প্রধান আসামি করে নাম উল্লেখসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
সূত্র : বাংলানিউজ২৪

