কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌরএলাকাসহ ও ৬টি ইউনিয়নে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। মোট ৪৪টি পূজামণ্ডপে দূর্গাপূজার প্রতিমা তৈরিতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন।
মঙ্গলবার (২৯ আগস্ট) মণ্ডপ ঘুরে দেখা যায়, মাটির অবয়ব নির্মাণের কাজ চলছে। এরপরই শুরু হবে অলংকরণ, সজ্জা ও রং প্রলেপন। আগামী ২৮ সেপ্টেম্বর সারাদেশে একযোগে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজার কার্যক্রম শুরু হবে।
দেবীর আগমনের লগ্ন শুরু হওয়ার সাথে সাথে ঢাকঢোল ও সানাইয়ের সুর বেজে ওঠার অপেক্ষায় পূজারীগণ।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দূর্গাপূজা। মৃৎ শিল্লীদের ব্যস্ততার পাশাপাশি আয়োজকরাও মণ্ডপ ডেকোরেশন, আলোকসজ্জা ও নিজেদের সাজ-সজ্জার কেনাকাটা নিয়ে পার করছেন ব্যস্ত সময়। ৪৪টি পূজামণ্ডপের মধ্যে পৌর এলাকায় ১৬টি, আচমিতায় ৬টি, মসূয়ায় ৫টি, মুমুরদিয়ায় ৬টি, বনগ্রামে ৪টি, ধূলদিয়ায় ৪টি, চান্দপুরে ১টি ও করগাঁও ২টিতে পুরোদমে মণ্ডপ রয়েছে।
উপজেলার জাঁকজমকপূর্ণ মণ্ডপগুলো হচ্ছে পৌরসদরের কাউন্সিলর বিপ্লব সাহার বাড়ি, পশ্চিমপাড়ায় রাধানাথ রায়ের বাড়ি, মোদকপাড়ায় চণ্ডি মণ্ডপ ও ধূলদিয়ায় বিরাজ কুমার সাহার বাড়ি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার সাহা ও সাধারণ সম্পাদক সত্য গোপাল বণিক বলেন, ইতোমধ্যেই প্রশাসনকে পূজা মণ্ডপের তালিকা দেয়া হয়েছে। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করি। এই উপজেলায় বিগত বছরগুলোর মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন সর্বস্তরের মানুষ।

