হাওরে সক্রিয় ইয়াবা সিন্ডিকেট, নিকলীতে ২ পাইকার গ্রেফতার

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

হাওরের প্রত্যন্ত অঞ্চলে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে একধিক ইয়াবা সিন্ডিকেট। ধারাবাহিক পুলিশি অভিযানে বুধবার ২৫ অক্টোবর রাতে নিকলীতে আলামিন (২৫) ও রিপন (২৮) নামের দুই ইয়াবা পাইকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আলামিন কিশোরগঞ্জ পৌরসভার গাগরায়ের আ. ছালাম ও রিপন জেলার করিমগঞ্জ উপজেলার ভুনাপাড়ার আ. মোতালিবের ছেলে।

নিকলী পুলিশ ও বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক শক্তিশালী সিন্ডিকেট নিকলীর প্রত্যন্ত এলাকায় ইয়াবার পাইকারি ব্যবসা চালিয়ে আসছে। কৌশল হিসাবে প্রত্যন্ত অঞ্চলে গড়ে তোলা হয়েছে ইয়াবার ফেরিওয়ালাও। ইতিমধ্যেই পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে মরণঘাতী ইয়াবার একাধিক ফেরিওয়ালা।

হাওরের দ্বারখ্যাত এই উপজেলাকে ইয়াবা চালানের নিরাপদ ট্রানজিট হিসাবেও ব্যবহার করছে চক্রটি। বুধবার রাতে নিকলী পুলিশের চলমান অভিযানে এসআই শহীদুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ আলামিন ও রিপন নামে ২ ইয়াবা পাইকারকে ধাওয়া করে কুর্শা মোড় থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল ও ৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।

নিকলী থানার পুলিশ ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া জানান, ইতিমধ্যেই আলামিন ও রিপনসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিকলীকে মাদকমুক্ত করতে অভিযান চলবে।

Similar Posts

error: Content is protected !!