
আমাদের নিকলী ডেস্ক ।।
নামাজে সেজদারত অবস্থাতেই চির বিদায় নিলেন মুক্তিযোদ্ধা খুরশিদ উদ্দিন (৬৬)। কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের বাড়িসংলগ্ন মসজিদে শুক্রবার ৮ ডিসেম্বর মাগরিবের নামাজ আদায় করার সময়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মুক্তিযোদ্ধা খুরশিদ উদ্দিন উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের মৃত রইছ উদ্দিন মুন্সির ছেলে। তিনি পূর্বচর পাড়াতলা দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
এলাকাবাসী জানিয়েছেন, শুক্রবার বাড়িসংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় তৃতীয় রাকাতে সেজদায় গিয়ে খুরশিদ উদ্দিন আর উঠেননি। তাঁর পাশে ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান। তিনি বাকী নামাজ শেষে সালাম ফিরিয়ে সেজদারত খুরশিদ উদ্দিনকে ধরামাত্রই তিনি হেলে পড়েন। তখন মুসল্লিগণ বুঝতে পারেন, খুরশিদ উদ্দিন মারা গেছেন।
মুক্তিযোদ্ধা খুরশিদ উদ্দিনের এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার বেলা সাড়ে ১১টায় নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়।
সূত্র : নামাজে সেজদারত থেকেই চির বিদায় নিলেন মুক্তিযোদ্ধা খুর্শিদ উদ্দিন [কিশোরগঞ্জ নিউজ, ১০ ডিসেম্বর ২০১৭]

