রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে কিশোরগঞ্জে শোভাযাত্রা

কিশোরগঞ্জ সংবাদদাতা ।।

মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জ জেলা শহরে বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি গুরুদয়াল কলেজ মাঠ থেকে শুরু হয়ে সর্বদলীয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেই কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার প্রায় লক্ষাধিক মানুষ নিজস্ব ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন।

এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজোয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, সংরক্ষিত আসনের এমপি দিলারা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।

শোভাযাত্রাকে হাতি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়িসহ নানা উপকরণে সুসজ্জিত করা হয়। এসময় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী শহরের প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শোভাযাত্রা উপলক্ষে নরসুন্দা মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Similar Posts

error: Content is protected !!