কিশোরগঞ্জে বিএনপির ৮৭ নেতাকর্মীর জামিন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ ।।

কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ ও ভৈরব এই তিন থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা ৪টি মামলায় বিএনপির ৮৭ নেতাকর্মীকে এক সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম মামলার মূল নথি প্রাপ্তি সাপেক্ষে তাদের এই অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের দু’টি মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন খান নয়ন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খসরুজ্জামান শরীফ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমনসহ ৩৪জন, ভৈরব থানার একটি মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র হাজী মো. শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক জাকারিয়া ফারুক ও দৈনিক দিনকালের ভৈরব প্রতিনিধি সোহেলুর রহমানসহ ৩৬ জন এবং করিমগঞ্জ থানার একটি মামলায় পৌর বিএনপির আহ্বায়ক আশরাফ হোসেন পাভেল ও উপজেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেনসহ ১৭ বিএনপি নেতাকর্মী ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

মামলার বিবরণে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে গত ৫ ফেব্রুয়ারি ভৈরবে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এই ঘটনায় ভৈরব থানার এসআই অভিজিৎ চৌধুরী বাদী হয়ে বিএনপির ৪৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৮শ’ থেকে সাড়ে ৮শ’ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় মামলা করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গত ৮ এবং ৯ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা শহরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। দু’দিনের এই সংঘর্ষের ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় ৮ ও ৯ ফেব্রুয়ারি দু’টি পৃথক মামলা দায়ের করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গত ৮ ফেব্রুয়ারি করিমগঞ্জ বাজারে বিএনপি নেতাকর্মীদের মিছিল সমাবেশের জের ধরে করিমগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২০ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামাসহ মোট ৮০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। এসব মামলায় বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

Similar Posts

error: Content is protected !!