ধামইরহাটে ৭ শিশুর স্কুলজীবন ফিরিয়ে দিল উপজেলা প্রশাসন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাটে শিশুশ্রম ও শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিশুশ্রমে জড়িত থাকা হোটেল রেস্তোরা, বিভিন্ন কারখানা, শিল্প মালিক ও শিশুদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ১১ সেপ্টেম্বর বেলা ১১টায় ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিবারে অভাব, মা-বাবা হারা এতিম ও স্কুল ড্রেস কেনার সামর্থ না থাকাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন পড়ালেখা থেকে ঝরেপড়া শিশুরা।

এ সময় ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান উপজেলার মইশড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও জগদল আদিবাসী স্কুল ও কলেজের ৫-৭ জন ঝরেপড়া শিক্ষার্থীদের স্কুলজীবন চালিয়ে নেয়ার দায়িত্ব নেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা অফিসার আগামীকাল থেকে তাদের পড়ালেখার তদারকি করবেন এবং নিজ খরচে ব্যাকরণ বই ও স্কুল ড্রেস প্রদান করবেন বলে অধ্যক্ষ ইলিয়াস আলম অঙ্গীকার করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আলপনা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমান, ওসি জাকিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন কুমার, শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ওয়ার্ল্ডভিশন ধামইরহাট এপি’র ম্যানেজার বিমল কুমার রুরাম, প্রধান শিক্ষক খেলাল রব্বানী, মুকুল হোসেন, বন্ধন এনজিওর আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, সাংবাদিক হারুন আল রশীদ, আবু মুছা স্বপন, মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় হোটেল রেস্তোরা ও বিভিন্ন ওয়েল্ডিং কারখানা মালিকগণ উপস্থিত ছিলেন এবং শিশুশ্রম ও নির্যাতন প্রতিরোধে তারা ভূমিকা পালনের আশ্বাস প্রদান করেন।

Similar Posts

error: Content is protected !!