মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
গত ১লা এপ্রিল বগুড়া থেকে প্রকাশিত দৈনিক চাঁদনীবাজার পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় “সদরের মাটিডালীতে জমি জবরদখল, মারপিট, যাতায়াতের রাস্তা বন্ধ, থানায় অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ করে অপপ্রচারের প্রতিবাদে রোববার (৭ এপ্রিল ২০১৯) মহাস্থান প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির প্রকৃত মালিক মনোয়ারা কাদেরের পুত্র মাহবুব মিঠন জানান, “বারবাকপুর মৌজার জে.এল ৬৭, এমআরআর ৯০৪ এর ৯৬৮৮ নং দাগের ১১ শতাংশ জমি হতে মনোয়ারা কাদের প্রায় ২২ বছর আগে তোতা মিয়ার কাছ থেকে কোবলা দলিলমূলে ৩ শতাংশ জমি এবং ২০০৮ সালে অংশীদার সূত্রে মালিকানাপ্রাপ্ত আমেনা বেগমের নিকট থেকে ৩ শতাংশ জমি কোবলা দলিলমূলে ক্রয় করেন।
উল্লিখিত ৬ শতাংশ জমি ক্রয়ের পর হতে মনোয়ারা বেগমের ক্রয়কৃত জমির সংলগ্ন জমির মালিক মোঃ হাছেন আলী এবং তার পুত্র শফিউল ইসলাম কামাল মনোয়ারা বেগমের জমি জবরদখল করিয়া ভোগদখল করিতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময় উক্ত জমির বিষয়ে মামলা মোকদ্দমা হইলেও মনোয়ারা বেগম-এর পক্ষে রায় আসে। মনোয়ারা বেগমের পক্ষে রায় আসার পর তাদের পরিবারের পক্ষ থেকে জমির মালিকানা স্বত্ত্ব বুঝিয়া নিয়া তার জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে গাছের চারা লাগান।
এখানে উল্লেখ্য যে, মনোয়ারা বেগম ৬ শতাংশ জমি ক্রয় করিলেও পার্শ্ববর্তী মানুষের চলাচলের সুবিধার্থে পরিমাণ মত রাস্তা ছাড়ার পর বর্তমানে সাড়ে ৪ শতাংশ জমির উপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন।”
প্রকৃতপক্ষে অভিযোগকারীগণ অবৈধভাবে জবরদখলকৃত জমিটি নিজেদের কব্জা হতে হাতছাড়া হওয়ায় প্রতিহিংসাবশত জমির প্রকৃত মালিক মনোয়ারা বেগম ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালিয়ে তাদের সম্মানহানী করার চেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।


