নুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরেক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
রোববার (১০ মে) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং সেকেন্ড অফিসার এসআই রোমান খাঁনের নেতৃত্বে এসআই ছোবান, এসআই শরিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন, এএসআই জাকির হোসেন ও এএসআই সাগর বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স সরকার ঘোষিত মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. নাদিম (২৯) ও তার স্ত্রী রানু (২৬)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ১৩ হাজার ৪৪০ টাকা উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় আনোয়ার হোসেন নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশ পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

